২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজেদ মিয়ার মৃত্যুতে খালেদা জিয়ার শোক প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। শনিবার সন্ধ্যায় এক শোক বাণীতে তিনি প্রধানমন্ত্রী ও তার শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 01:21 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। শনিবার সন্ধ্যায় এক শোক বাণীতে তিনি প্রধানমন্ত্রী ও তার শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। বাণীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, "ড. ওয়াজেদ মিয়া একজন প্রতিভাবান ও আত্মনিবেদিত বিজ্ঞানী হিসেবে দেশসেবা ও বিজ্ঞান-প্রযুক্তির সাধনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণে অনেক সময় লাগবে।" খালেদা জিয়া প্রয়াত এ বিজ্ঞানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আরো বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুতে আমি শোকাহত। এ শোকের মুহূর্তে আমি প্রধানমন্ত্রীকে এবং তার মাধ্যমে অন্যান্য শোকাহত স্বজনকে জানাচ্ছি গভীর সমবেদনা। আল্লাহ তাদেরকে শোক সহ্য করার শক্তি দিন- এই কামনা করছি।'' ড. ওয়াজেদের প্রশংসা করে খালেদা বলেন, "ব্যক্তি হিসেবে তার সৌজন্য ও বিনয় এবং পেশাজীবনে তার নিষ্ঠা ও আনুগত্য খুবই প্রশংসনীয়। একজন রাজনীতিকের স্বামী হিসেবেও তাকে অনেক ধকল সহ্য করতে হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/১৯২৭ঘ.