ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী খুন, ধর্ষণ, হামলা, লুটপাটসহ সহিংসতা এবং সংখ্যালঘু ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে আগামী দুই মাসের মধ্যে সরকারকে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি এই কমিশন গঠিত হওয়ার ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেন।
রিটের ওপর শুনানিতে মানবাধিকার সংগঠনটির পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, "২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর সহিংসতায় সারাদেশে সংখ্যালঘুসহ তৎকালীন বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর অমানুষিক নির্যাতন হয়েছে। অনেক মানুষ খুন হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন অনেক নারী। লুট করা হয়েছে অনেকের সম্পদ।
"তৎকালীন এসব নির্যাতনের ঘটনা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা প্রকাশিত হয়েছে।"
অ্যাডভোকেট মনজিল আরো বলেন, "সংবিধান অনুযায়ী আইনশৃংখলা বাহিনীর দায়িত্ব ছিল এই সহিংসতা রোধে ব্যবস্থা নেওয়া। কিন্তু তারা সে ব্যবস্থা নিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। ফলে মানুষের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। সরকার ও প্রশাসন ওইসব ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। শত শত মানুষ আইনের আশ্রয়ের অধিকার থেকে বঞ্চিত হয়েছে।"
সরকার পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল করুণাময় চাকমা।
মানবাধিকার সংগঠনটির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ১ ফেব্র"য়ারি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী খুন, ধর্ষণ, হামলা, লুটপাটসহ সহিংসতার ঘটনা তদন্তে কেন বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে সরকারের প্রতি আদেশ জারি করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/জিএনএ/১৬৫৫ ঘ.
bdnews24