ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঘোষিত সময়সীমার শেষদিকে এসে জামায়াতে ইসলামীর নেতারাও তাদের বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলাকে মিথ্যা, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে সেগুলো প্রত্যাহারের আবেদন করেছেন।
মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর আইনজীবীরা দলটির আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে দায়ের হওয়া ৩টি মামলা প্রত্যাহার করার জন্য ঢাকা জেলা প্রশাসক অফিসে আবেদন জমা দেন।
গত ৩০ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার দুই ছেলের নামে ২০টি মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। গত ১৫ এপ্রিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি মামলা প্রত্যাহারের আবেদন করা হয়।
মঙ্গলবার জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে যে তিনটি মামলা প্রত্যাহারের জন্য আবেদন করা হয় সেগুলো হচ্ছে বিগত জোট সরকারের আমলে দায়ের হওয়া পল্টন হত্যাকাণ্ড এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলের বড়পুকুরিয়া কয়লা খনি এবং গ্যাটকো দুর্নীতি মামলা।
পল্টন হত্যাকাণ্ড মামলার আসামিরা হচ্ছেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামরুজ্জামান, কেন্দ্রীয় নায়েবে আমির মকবুল আহমেদ, সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজাহারুল ইসলাম, ঢাকা মহানগর আমির মো. রফিকুল ইসলাম খান, পল্টন থানার সাবেক আমির এটিএম সিরাজুল হক, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাজিদুর রহমান ও ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি শিশির মনির। এই ১০ জনের পক্ষেই মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়।
আবেদনে বলা হয়, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত ঘটনায় জামায়াতে ইসলামীর চার নেতা কর্মী নিহত হয় ও পাঁচ শতাধিক আহত হয়। এই ঘটনায় পল্টন থানা জামায়াতের আমির এটি এম সিরাজুল হক পরদিন পল্টন থানায় হত্যা মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, "৩০ অক্টোবর জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাসহ দশজনকে আসামি করে নারকীয় হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মিথ্যাভাবে মামলা সৃজন করা হয়েছে।"
ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কামরুল আহসান মামলাটি দায়ের করেছিলেন। এ মামলার বিচারকাজ বর্তমানে হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন গত বছরের ২৬ ফেব্র"য়ারি বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলাটি দায়ের করেছিল। ওই মামলায় সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়া, অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সঙ্গে শিল্পমন্ত্রী জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এবং সমাজ কল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ১৬ জনকে আসামি করা হয়।
এছাড়া ২০০৭ সালের ২ সেপ্টেম্বর^ দুদক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করে। ওই মামলার এজাহারে শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর নাম না থাকলেও অভিযোগপত্রে তার নাম ছিল। এই মামলা দুটোকে 'রাজনৈতিক হয়রানিমূলক' আখ্যা দেওয়া হয়েছে। এ মামলা দুটোর কার্যক্রমও হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে।
জামায়াতে ইসলামীর আইনজীবী আব্দুর রাজ্জাক, জামাল উদ্দিন, আক্তারুজামান সোহেল, সাইফুল্লাহ প্রমূখ আবেদনগুলো দাখিল করেন। এগুলো পাবলিক প্রসিকিউটরের কাছে মতামতের জন্য পাঠানো হবে।
ঢাকার জেলা প্রশাসক অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত এগারশ' আটান্নটি মামলা প্রত্যাহারের জন্য আবেদন পড়েছে। এরমধ্যে পাঁচ শতাধিক আবেদন মতামতের জন্য পাবলিক প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে।
পাবলিক প্রসিকিউটর ইতিমধ্যে ৯৫ টি আবেদন মতামত দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠিয়েছেন। কথিত 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহারের জন্য আগামী ১৭ মে পর্যন্ত ঢাকা জেলা প্রশাসক অফিসে আবেদন গ্রহণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২২২১ঘ.
bdnews24