ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে অস্ত্র মামলায় তিন মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
বাবরের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ রইসউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
বাবরের পক্ষে আবেদনটির ওপর শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
পরে আহসানুল করিম সাংবাদিকদের বলেন, "এই মামলাটি নিয়ে বাবর সব মামলায় জামিন পেলেন। তার কারামুক্তিতে এখন আর কোন বাধা নেই।"
গত বছর ৩০ অক্টোবর অস্ত্র মামলায় বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছিল ঢাকা মহানগর বিশেষ ট্রাইবুনাল।
কয়েকটি মামলার আসামী বাবর এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল দায়ের করেন এবং জামিনের আবেদন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২০১৩ঘ.
bdnews24