২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের আপিল প্রত্যাহার 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত': মওদুদ

সংবিধানের পঞ্চম সংশোধনীর বৈধতা প্রশ্নে করা সরকারের আপিল প্রত্যাহারকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। মঙ্গলবার দুপুরে মতিঝিলে তার চেম্বারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 12:31 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চম সংশোধনীর বৈধতা প্রশ্নে করা সরকারের আপিল প্রত্যাহারকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। মঙ্গলবার দুপুরে মতিঝিলে তার চেম্বারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। সাবেক এই আইনমন্ত্রী সেইসঙ্গে আশংকা প্রকাশ করে বলেন, "সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করা হলে দেশে অরাজক ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। দেশে একদলীয় শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে।' তিনি বলেন, ''পঞ্চম সংশোধনী বাতিল হলে রাষ্ট্র ও সরকারের সাংবিধানিক ধারাবাহিকতায় শূন্যতার সৃষ্টি হবে। এটা জনগণ চায় না।'' ২০০৫ সালের ২৯ আগস্ট বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি এ টি এম ফজলে কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। একইদিন রায় স্থগিতের আবেদন জানায় তৎকালীন বিএনপি সরকার। তারপর থেকে রায়ের কার্যকারিতা স্থগিত হয়ে আছে। হাইকোর্ট রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মুসতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনী ঘোষণা করে। আদালত অবশ্য ওই সময়ে সরকারের জনস্বার্থে করা বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দিয়েছিল। হাইকোর্ট রায়ে বলেছিল, সামরিক আইন সামগ্রিকভাবে অবৈধ ও অসাংবিধানিক এবং সামরিক আইনের অধীনে করা সকল কার্যক্রম, আইন ও বিধিও অবৈধ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পূর্ব পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলে হাইকোর্ট রায়ের অভিমতে উল্লেখ করে। সামরিক সরকারের বৈধতা নিয়ে করা ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই রায় দিয়েছিল। এই রায়ের বিরুদ্ধে তদানীন্তন বিএনপি সরকার সুপ্রিম কোর্টে আপিল করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত সপ্তাহে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সুপ্রিম কোর্টে করা সরকারের ওই আপিলটি প্রত্যাহারের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং বিএনপি ও জামায়াতপন্থী তিন আইনজীবী আপিলের পক্ষভুক্ত হওয়ার আবেদন করেন। সোমবার পক্ষভুক্তির আবেদনের উপর শুনানি হয়। সুপ্রিম কোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খোন্দকার দেলোয়ার এবং এ তিন আইনজীবীকে চার সপ্তাহের মধ্যে 'লিভ টু আপিল' দায়েরের অনুমতি দেয় । প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ বিএনপি মহাসচিব এবং তিন আইনজীবী মুন্সী আহসান কবির, তাজুল ইসলাম ও কামরুজ্জামান ভুঁইয়ার পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। ব্রিফিঙে মওদুদ পঞ্চম সংশোধনীর ব্যাখ্যা করে বলেন, "চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল। বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা হয়। সংবাদপত্রের স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়। "আর পঞ্চম সংশোধনীর মাধ্যমে সেসব আইন ও বিধি সংশোধন করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা হয়। সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করা হয়েছে।'' তিনি বলেন, সরকার নিয়ে পছন্দ-অপছন্দ থাকতেই পারে। কিন্তু রাজনৈতিক কারণে সাংবিধানিক শূণ্যতা সৃষ্টি করা, কিংবা সরকারের ধারাবাহিকতা নষ্ট করা যাবে না। আওয়ামী লীগকে সংসদে 'সংখ্যাগরিষ্ট দল' অভিহিত করে বিএনপি'র এ জ্যেষ্ঠ নেতা আরো বলেন, পঞ্চম সংশোধনী বাতিল করতে চাইলে তারা সংসদে বিল এনে তা করতে পারে। কিন্তু বিচার বিভাগকে এ বিষয়ে সম্পৃক্ত করা ঠিক নয়। সরকার ইচ্ছাকৃতভাবেই তা করতে চাইছে বলে 'রাজনৈতিক দৃষ্টিভঙ্গি' থেকে আপিলটি প্রত্যাহার করে নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯২৩ ঘ.