ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর পুনর্গঠনে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ।
মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এর আগে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে বৈঠক করেন।
প্রতিমন্ত্রী বলেন, "বিডিআর পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। একবিংশ শতাব্দীতে দেশের মানুষ আধুনিক সীমান্তরক্ষী বাহিনী দেখতে চায়। এই বাহিনী পুনর্গঠনে, বিশেষ করে প্রশিক্ষণ ও আধুনিকায়নে বন্ধুপ্রতীম প্রতিবেশী রাষ্ট্রগুলোর সহায়তা নেওয়া হবে।"
বিডিআরের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনৈতিক মামলা প্রত্যাহারে সরকার কোনো ধরনের পক্ষপাতিত্ব করবে না। মামলার ধরন ও প্রকৃতি বিবেচনা করে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মামলা প্রত্যাহারের আবেদন প্রসঙ্গে তানজিম বলেন, বিষয়টি বিবেচনায় এনে মামলা পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে মেরিটের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্তরা সিদ্ধান্ত নেবেন।
বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে প্রয়োজনে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চুক্তি করা হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইমএইচসি/এজে/জিএনএ/১৫১০ ঘ.
bdnews24