ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দণ্ডপ্রাপ্ত পলাতক প্রভাবশালীদের আগামী দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রোববার হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি মো. ইমান আলী এই রায় দেন।
শুনানিতে সরকার পক্ষে অতিরিক্ত এটর্নি জেনারেল এম ইনায়েতুর রহিম এবং দণ্ডপ্রাপ্ত পলাতক ভিআইপিদের পক্ষে ব্যারিস্টার রফিক-উল-হক ও মওদুদ আহমদ অংশ নেন।
রায়ের পর ইনায়েতুর রহিম সাংবাদিকদের বলেন, "আপিল বিভাগ সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে একই ধরনের মামলায় দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। হাইকোর্টও একই ধরনের রায় দিয়েছে।"
এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ব্যারিস্টার মওদুদ বলেন, "আপিল বিভাগ যেহেতু একই বিষয়ে নির্দেশনা দিয়েছে, তাই আপিল করা হবে না।"
দণ্ডপ্রাপ্ত পলাতক প্রভাবশালীদের জামিন ও মামলা বাতিলের আবেদনের ওপর গত ২৩ ফেব্র"য়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ দ্বিধাবিভক্ত রায় দিয়েছিল।
রায়ে পলাতক দণ্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে প্রতিকার চাইতে পারে কিনা- এ বিষয়ে দুই বিচারপতি দুই মত দিয়েছিলেন।
ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক দণ্ডপ্রাপ্ত পলাতক প্রভাবশালীদের আবেদন বিবেচনাধীন রেখে তাদেরকে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন।
তার রায়ে বলা হয়েছিল, নিম্ন আদালত দণ্ডপ্রাপ্ত প্রভাবশালীদের হেফাজতে নেবে। এই সময়ের মধ্যে তাদের কারাগারে যেতে হবে না। নিম্ন আদালত থেকে প্রভাবশালীদের ওকালতনামায় স্বাক্ষর আনার পর হাইকোর্টে বিচারাধীন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
অপর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রভাবশালীদের আবেদনগুলো নিষ্পত্তি করে দিয়ে অবিলম্বে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছিলেন।
এই দ্বিধাবিভক্ত রায়টির বিষয়ে পরবর্তী নির্দেশের জন্য ওই বেঞ্চ নথিগুলো প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। প্রধান বিচারপতি এ বিষয় নিষ্পত্তির জন্য বিচারপতি মো. ইমান আলীকে তৃতীয় বেঞ্চের দায়িত্ব প্রদান করেন।
রোববার হাইকোর্টের তৃতীয় বেঞ্চ যেসব প্রভাবশালীর জামিন ও মামলা বাতিলের আবেদন নিয়ে দেওয়া দ্বিধাবিভক্ত রায় নিষ্পত্তি করেছেন তারা হলেন- সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আলহাজ্ব মকবুল হোসেন, হাজী সেলিম ও মো. মহিউদ্দিন এবং বিএনপির নাদিম মোস্তফা, আবু হানিফ পাটোয়ারী, মো. বাবুল চৌধুরী, সারিয়া চৌধুরী, মাফরুজা সুলতানা, মাসুদুর রহমান ও সফিউর রহমান বাবু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমটি/এজে/জিএনএ/১৭৫৯ ঘ.
bdnews24