ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশের বিরুদ্ধে রোববার করা একটি রিট আবেদনের শুনানিতে বিব্রত বোধ করেছে হাইকোর্টের দুইটি বেঞ্চ। এর পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টের আরেকটি বেঞ্চে শুনানির জন্য আবেদন করেছেন। (বিস্তারিত আসছে)
সকালে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এম আজিজুল হকের বেঞ্চে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা রিটের জন্য হলফনামা জমা দেওয়ার আবেদন জানান। তাদের আবেদনের পর বিচারকরা হলফনামা জমা দেওয়ার আদেশ দেন।
এরপর প্রয়োজনীয় কাজ শেষে দুপুর দেড়টার দিকে এই বেঞ্চের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন জমা দেন খালেদা জিয়ার আইনজীবীরা। দুপুর দুইটায় এ বিষয়ে শুনানির সময় নির্ধারণ করেন বিচারক।
পরে শুনানিতে হাইকোর্টের এই বেঞ্চের একজন বিচারক বিব্রত বোধ করেন এবং অন্য যে কোনো বেঞ্চে শুনানির জন্য যেতে বলেন। এরপর খালেদা জিয়ার আইনজীবীরা অন্য আরেকটি বেঞ্চে শুনানির জন্য যান। ওই বেঞ্চও বিব্রত বোধ করায় তারা তৃতীয় বেঞ্চে শুনানির চেষ্টা করছেন।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন দুপুর সোয়া ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিটের জন্য আমরা আদালত থেকে (এফিডেভিট) অনুমতি পেয়েছি। হলফনামায় স্বাক্ষরের জন্য আমরা খালেদা জিয়ার কাছে যাচ্ছি। আশা করছি, আজই রিটের আবেদন আদালতে জমা দিতে পারবো।"
তিনি জানান, রিট মামলার আগে আদালত থেকে হলফনামার অনুমতি নেওয়া রিটের অংশ।
২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৫ দিনের মধ্যে তার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর।
এরপর ২৩ এপ্রিল সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ আগামী ৫ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়ে সরকার এবং সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরকে উকিল নোটিশ পাঠান বিএনপি চেয়ারপারসন।
খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কুরিয়ার ও রেজিস্টার্ড ডাকযোগে সংশ্লিষ্টদের এই নোটিশ পাঠানোর পর সাংবাদিকদের বলেন, "৫ দিনের মধ্যে বাড়ি ছাড়ার ওই নোটিশ প্রত্যাহার না করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
মন্ত্রিসভা গত ৮ এপ্রিল আইনগত ত্র"টির কথা উল্লেখ করে খালেদা জিয়ার সেনানিবাস বাড়িটির ইজারা বাতিল করে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে এক সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর তার বিধবা স্ত্রী খালেদাকে সেনানিবাসের বাড়িটি ছাড়াও গুলশানে একটি বাড়ি দেওয়া হয়েছিল।
সেনানিবাসের ৬ মইনুল রোডের বাড়িটি এর আগে সেনাপ্রধানের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো।
মন্ত্রিসভার সিদ্ধান্তের এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বাড়িটি নিজে থেকে ছেড়ে দেওয়ার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে অনুরোধ করেন। সেদিন তিনি ওই বাড়ির স্থানে ফ্ল্যাট তৈরি করে তা বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে দেওয়ার প্রস্তাব করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এটি/এজে/জিএনএ/১৪৫৫ ঘ.
bdnews24