ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশের বিরুদ্ধে রিটের জন্য হলফনামা জমা দেওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট।
রোববার সকালে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এম আজিজুল হকের বেঞ্চে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা আবেদন জানালে বিচারকরা এই আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন দুপুর সোয়া ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিটের জন্য আমরা আদালত থেকে (এফিডেভিট) অনুমতি পেয়েছি। হলফনামা স্বাক্ষরের জন্য আমরা খালেদা জিয়ার কাছে যাচ্ছি। আশা করছি, আজই রিটের আবেদন আদালতে জমা দিতে পারবো।"
তিনি জানান, রিট মামলার আগে আদালত থেকে হলফনামার অনুমতি নেওয়া রিটের অংশ।
২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৫ দিনের মধ্যে তার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর।
মন্ত্রিসভা গত ৮ এপ্রিল আইনগত ত্র"টির কথা উল্লেখ করে খালেদা জিয়ার সেনানিবাস বাড়িটির ইজারা বাতিল করে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে এক সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর তার বিধবা স্ত্রী খালেদাকে সেনানিবাসের বাড়িটি ছাড়াও গুলশানে একটি বাড়ি দেওয়া হয়েছিল।
সেনানিবাসের ৬ মইনুল রোডের বাড়িটি এর আগে সেনাপ্রধানের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো।
মন্ত্রিসভার সিদ্ধান্তের এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বাড়িটি নিজে থেকে ছেড়ে দেওয়ার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে অনুরোধ করেন। সেদিন তিনি ওই বাড়ির স্থানে ফ্ল্যাট তৈরি করে তা বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে দেওয়ার প্রস্তাব করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১২৩৪ ঘ.
bdnews24