২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছেন। ঢাকা থেকে একটি হেলিকপ্টারে করে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বিশেষ গাড়িবহরে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে যান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 05:39 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

গোপালগঞ্জ, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছেন। ঢাকা থেকে একটি হেলিকপ্টারে করে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বিশেষ গাড়িবহরে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে যান তিনি। সকাল ১০টা ৫ মিনিটে বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন তিনি। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধুকন্যা। দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু ভবনে গোপালগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় ও আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর। বৈঠকে জেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গণমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। বাদ জোহর সমাধি কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদও তার সঙ্গে আছেন। এছাড়া বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন শেখ রেহানা। দুপুরের পর ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/১১৩৭ ঘ.