২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে মানুষের ঢল

মহান মে দিবস উপলক্ষে শনিবার পল্টন ময়দানে জাতীয়তাবাদী শ্রমিক দলের জনসভায় বিএনপিসহ তার সব সহযোগী সংগঠনের অগণিত নেতা-কর্মী মিছিল নিয়ে যোগ দেন। দুপুর থেকেই ছোট ছোট মিছিল আসতে শুরু করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 04:10 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহান মে দিবস উপলক্ষে শনিবার পল্টন ময়দানে জাতীয়তাবাদী শ্রমিক দলের জনসভায় বিএনপিসহ তার সব সহযোগী সংগঠনের অগণিত নেতা-কর্মী মিছিল নিয়ে যোগ দেন। দুপুর থেকেই ছোট ছোট মিছিল আসতে শুরু করে। মঞ্চের চারপাশে দুই স্তরের নিরাপত্তা বেষ্টনী। সোয়াত, র‌্যাব, ডিবি পুলিশসহ গোয়েন্দা সংস্থার লোকজন অবস্থান নেয় মঞ্চের কাছাকাছি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও ভাসানী স্টেডিয়ামেও পুলিশ দুরবীন হাতে কড়া নজর রাখে মঞ্চের দিকে। বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মঞ্চে একটি চেয়ার ছিল। নেতারা বসেন মঞ্চের মেঝেতে। সমাবেশস্থলের চিত্র তখনও খালেদা জিয়া সমাবেশস্থলে আসেননি। ঘড়ির কাটা দুইটার ঘর ছুঁইছুঁই করছে। এরইমধ্যে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। 'ধানের শীষ' স্লোগান দিতে দিতে আসা এসব মিছিলে ছিল ঢোলসহ নানা বাদ্যযন্ত্র । নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে ঢোকেন পল্টন ময়দানে। মিছিলে অংশ নেওয়া অনেক কর্মীর হাতেই দেখা যায় জিয়াউর রহমানের বড় প্রতিকৃতি। সাড়ে তিনটা বাজতেই লোকে লোকারণ্য হয়ে যায় পল্টন ময়দান। দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেট, রাজউক এভিনিউ, গুলিস্তান, নর্থসাউথ রোড, মুক্তাঙ্গন, তোপখানা রোড, প্রেসক্লাব ও পুরানা পল্টনের আশপাশের সব সড়কে শুধু মিছিল আর মিছিল। জনসভা চলাকালে মঞ্চের কাছাকাছি উত্তর পাশে বসা নিয়ে ঢাকা কলেজ ও তেজগাঁও কলেজের ছাত্রদলের দুই গ্র"পের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেয়। এসময় তারা পানির খালি বোতল ছোড়াছুড়ি করে। পরে ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুসহ অন্য নেতারা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। তোপখানা রোড থেকে গুলিস্তান... সমাবেশ বিস্তৃত হয়ে পড়ে দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম উত্তর গেট, রাজউক এভিনিউ, গুলিস্তান, মুক্তাঙ্গন, বায়তুল মোকাররম মোড়, জিরো পয়েন্ট পর্যন্ত। খালেদার ভাষণ শুনতে এসে বাদাম বিক্রেতাদেরও আনন্দের সীমা ছিল না। কারণ, তাদের বাদাম বিক্রিও ছিল ভাল। শফিক ও মান্নান নামের দুই বাদামওয়ালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আজকে দ্ইু জনে ৮ কেজি বাদাম আনছিলাম, মাত্র দুই ঘন্টায় সব শেষ হয়ে গেছে। ভাল লাভ হয়েছে।'' মিছিলের বন্যা ... দলীয় কর্মীরা মিছিলকে আরো আকর্ষণীয় করতে বহন করছিল বর্ণিল সব উৎসব পতাকা। বিএনপির দলীয় পতাকা নিয়ে লালবাগ-কামরাঙ্গীরচর, সুত্রাপুর, সবুজবাগ, ডেমরা-শ্যামপুর এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে আসে জনসভায়। লালবাগ থেকে যুব দলের কর্মী শরফুদ্দিন ও সুত্রাপুর থেকে আসা মহিলা দলের শিমুল সমাবেশ দেখে ভীষণ আশাবাদী যে তাদের জনসমর্থন বেড়েছে। নির্বাচনে পর এরকম জনসভায় যেগ দিতে পেরে তারা খুবই আনন্দিত। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেই আশাবাদের কথাই ঝরে পড়লো তাদের কন্ঠে- ''ম্যাডামের নেতৃত্বে বিএনপি আবার ঐক্যবদ্ধ হবে, নতুনভাবে দল পুনর্গঠনও হবে।'' ব্যান্ডপার্টির মুর্ছনা... 'প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ' বিএনপির এই দলীয় সঙ্গীতের তালে তালে মিছিলে ছিল ব্যাণ্ডের বাদ্য। বাদ্যের তালে তালে তরুণ ছাত্র কর্মী-সমর্থকদের উল্লাস সবার দৃষ্টি আকর্ষণ করে। অনেকের পোষাকে 'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও' শ্লোগান লেখা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৫০ঘ.