২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা মহানুভব: জলিল

দলীয় প্রধান ভুল বুঝছেন- এমন বক্তব্য দেওয়ার ১০ দিন পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, শেখ হাসিনা মহানুভব। বঙ্গবন্ধুর মতোই তার কন্যা তাকে স্নেহ করেন। তার নেতৃত্বেই আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়নে আজীবন কাজ করে যাবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2009, 10:19 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় প্রধান ভুল বুঝছেন- এমন বক্তব্য দেওয়ার ১০ দিন পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, শেখ হাসিনা মহানুভব। বঙ্গবন্ধুর মতোই তার কন্যা তাকে স্নেহ করেন। তার নেতৃত্বেই আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়নে আজীবন কাজ করে যাবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার দুপুরে টেলিফোনে একথা বলেছেন তিনি। ২০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব যাওয়ার দিন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জলিল বলেছিলেন, তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে চান। শেখ হাসিনা তাকে ভুল বুঝছেন। তিনি চাপের মুখে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিবৃতি দিতে বাধ্য হয়েছিলেন। এর পরের দিন জলিল কয়েকটি প্রত্রিকার সাংবাদিকদের বলেন- আমীর হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেন গুপ্ত প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দালাল। মন্ত্রিসভায় এই সংস্থার 'পেইড' লোক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার এসব বক্তব্যে দলীয় ফোরামে তীব্র অসন্তোষ সৃষ্ঠি হয়। দলের নীতিনির্ধারক ও মন্ত্রিসভার সদস্যদের সম্পর্কে অনাকাক্সিক্ষত এমন সব বক্তব্য দেওয়ার পর শুক্রবারই প্রথম শেখ হাসিনার সঙ্গে জলিলের দেখা হয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহান মে দিবসের এক আলোচনা সভায়। জলিল যখন মিলনায়তনে উপস্থিত হন শেখ হাসিনা তখন ছিলেন অন্য আলোচকদের সঙ্গে মঞ্চে। এ অবস্থায় জলিল প্রথম সারিতে প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত চেয়ারের বাম পাশের চেয়ারটিতে বসেন। এ সময় প্রধানমন্ত্রীর চেয়ারের ডান দিকের চেয়ারটিতে বসা ছিলেন তার উপদেষ্টা এইচ টি ইমাম। আলোচনা পর্ব শেষে শেখ হাসিনা মঞ্চ থেকে নেমে দর্শক সারিতে তার জন্য সংরক্ষিত আসনে বসেন। এরপর জলিলের সঙ্গে শুধু কুশল বিনিময় করে এইচ টি ইমামের সঙ্গে কথা বলতে থাকেন হাসিনা। অনুষ্ঠানে দলীয় প্রধানের সঙ্গে কী কথা হলো- জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জলিল বলেন, "শেখ হাসিনা মহানুভব। আমি বঙ্গবন্ধুর কাছ থেকে যে স্নেহ ও ভালোবাসা পেয়েছি- তার কন্যা, আমার নেত্রী শেখ হাসিনার কাছ থেকেও সেই একই স্নেহ ও ভালোবাসা পেয়েছি। শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়নে আজীবন কাজ করে যাবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/এইচএ/১৬০০ঘ.