২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র ইউনিয়নের ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গণমুখী, বিজ্ঞানভিত্তিক ও একই ধারার শিক্ষানীতির দাবি জানিয়ে রোববার ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 03:52 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমুখী, বিজ্ঞানভিত্তিক ও একই ধারার শিক্ষানীতির দাবি জানিয়ে রোববার ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনের নেতাকর্মীরা এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ হয়। সমাবেশে বলা হয়, পাকিস্তান আমলে যে শিক্ষানীতি প্রবর্তন করা হয়েছিল এবং আজ অবধি যা হয়েছে তা সাধারণের ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। বহুবিভক্ত শিক্ষা ব্যবস্থার ভুক্তভোগী এ দেশের প্রায় সব শিক্ষার্থী। কিন্তু ধনিক শ্রেণী এই ব্যবস্থায় ঠিকই তার সন্তানকে শিক্ষিত করছে। বিশ্ববিদ্যালয়গুলোকে আজ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করা হচ্ছে। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল, ঢাকা মহানগর কমিটির সভাপতি মাহমুদুর রহমান বিরল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু তোয়াব অপু প্রমুখ সমাবেশে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেব প্রমুখ। শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাত এদিকে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র ইউনিয়নের চার সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করে শিক্ষা নীতি বিষয়ক বিভিন্ন দাবি তার কাছে তুলে ধরেছে। সংগঠনের পক্ষ থেকে তাকে একটি স্মারকলিপিও দেওয়া হয়। শিক্ষামন্ত্রী তাদের এসব ভাবনা সরকারের শিক্ষা কমিটির কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/২১৪৯ঘ.