২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরফ্যাশনে অন্যের জমিতে ঘর তুলেছে আ.লীগ কর্মীরা

ভোলার চরফ্যাশন উপজেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকায় রোববার সকালে সরকারি দল আওয়ামী লীগের কর্মীরা এক ব্যক্তির জমি দখল করে ঘর তুলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 02:10 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ভোলা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার চরফ্যাশন উপজেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকায় রোববার সকালে সরকারি দল আওয়ামী লীগের কর্মীরা এক ব্যক্তির জমি দখল করে ঘর তুলেছে। পার্থ দেবনাথ নামের ওই ব্যক্তি অভিযোগ করেন, 'আওয়ামী লীগের ক্যাডার' বাবুল হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা তার জমি দখল করে ঘর তুলেছে। বিষয়টি প্রথমে পুলিশকে জানালেও তারা ঘটনাস্থলে আসেনি। পরে ভোলা জেলা সদরেরর কয়েকজন সাংবাদিক চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানালে তিনি সেখানে পুলিশ পাঠান। চরফ্যাশন থানার ওসি মো. নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি দু'দিন আগে থানায় যোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে তিনি পুলিশ পাঠিয়ে ঘর তোলা বন্ধ করার জন্য বলেছেন। রাতের মধ্যে ঘর সরিয়ে নেওয়ার ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে সমঝোতা হয়েছে বলেও তিনি দাবি করেন। এ ব্যাপারে বাবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১২ ঘ.