২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বিএনপি চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির লিজ বাতিলের প্রতিবাদে শনিবার রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2009, 03:17 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

রাজশাহী, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির লিজ বাতিলের প্রতিবাদে শনিবার রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বিকেলে নগরীর লোকনাথ স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক সাংসদ ও বিএনপি রাজশাহী জেলার সভাপতি আজিজুর রহমান, বিএনপি নেতা কামরুল মনির, এলাহী ব্খশ মণ্ডল, আলাউদ্দিন আহমেদ, ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ সুইট, রায়হান প্রমুখ। বিএনপি নেতারা বলেন, বর্তমান সরকার বিগত তিন মাসের নানা অনিয়ম ও ব্যর্থতা ঢাকতে এবং জনগণের মনোযোগ ভিন্নখাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যেই অবৈধভাবে খালেদা জিয়ার বাড়ির লিজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। গণতন্ত্রের নামে সরকার আওয়ামীতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে বলেও বিএনপি নেতারা অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২২ ঘ.