২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার নোটিশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সোমবার ১৫ দিনের মধ্যে তার ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব শিমুল বিশ্বাস সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে তিনটায় ক্যান্টনমেন্ট বোর্ডের কয়েকজন কর্মকর্তা বাড়ির তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইউনুসকে এ নোটিশ হস্তান্তর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 02:31 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, ২০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সোমবার ১৫ দিনের মধ্যে তার ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব শিমুল বিশ্বাস সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে তিনটায় ক্যান্টনমেন্ট বোর্ডের কয়েকজন কর্মকর্তা বাড়ির তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইউনুসকে এ নোটিশ হস্তান্তর করেন। তিনি জানান, খালেদা জিয়া সন্ধ্যায় তার গুলশানের কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে নোটিশের বিষয়টি আলোচনা করছিলেন। এর কিছু আগে মোহাম্মদ ইউনুস নিজেই নোটিশটি গ্রহণ করার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর এ নোটিশ দেয়। মন্ত্রীসভা গত ৮ এপ্রিল আইনগত ত্র"টির কথা উল্লেখ করে খালেদা জিয়ার ক্যান্টনমেন্ট এলাকার ৬, মইনুল রোডের বাড়িটির ইজারা বাতিল করে। সরকার বলছে এক ব্যক্তিকে দুটি বাড়ি ইজারা দেওয়া আইনসম্মত নয় বলেই তা করা হয়েছে। বিএনপি এ উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে সরকারকে তার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। তারা এ নিয়ে গত কয়েকদিন ধরে প্রতিবাদ-বিক্ষোভও চালিয়ে আসছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে এক সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর তার বিধবা স্ত্রী খালেদাকে ক্যান্টনমেন্টের বাড়িটি ছাড়াও গুলশানে একটি বাড়ি দেওয়া হয়েছিল। ৬ মইনুল রোডের ৯ বিঘা আয়তনের বিশাল বাড়িটি এর আগে সেনাপ্রধানের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। মন্ত্রীসভার সিদ্ধান্তের এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বাড়িটি নিজে থেকে ছেড়ে দেওয়ার জন্য বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে অনুরোধ করেন। সেদিন তিনি ওই বাড়ির স্থানে ফ্ল্যাট তৈরি করে তা বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে দেওয়ার প্রস্তাব করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১০৮ঘ.