২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব জেলা কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটি হচ্ছে বিএনপির

আগামী সপ্তাহের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সব জেলা কমিটি ভেঙ্গে আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির শীর্ষস্থানীয় এক নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2009, 09:43 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সপ্তাহের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সব জেলা কমিটি ভেঙ্গে আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির শীর্ষস্থানীয় এক নেতা। ওই নেতা জানিয়েছেন, তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন এবং ২৫ জুলাইয়ের মধ্যে দলের জাতীয় কাউন্সিল করার পরিকল্পনা করেছে তারা। শুক্রবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ সাংবাদিকদের একথা জানান। এক প্রশ্নের জবাবে মওদুদ সাংবাদিকদের বলেন, ''দলের পুনর্গঠনের কাজ এগিয়ে চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে সবগুলো জেলা কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটি করে দেওয়া হবে। সব কিছুই এখন চূড়ান্ত পর্যায়ে আছে।'' তিনি বলেন, ''আগামী ২৫ জুলাইয়ের মধ্যে দলের জাতীয় কাউন্সিল করার চেষ্টা করছি আমরা। যদি এ সময়ের মধ্যে তা করা না যায়, তা হলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হবে। কারণ ২৫ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাউন্সিল শেষ করার জন্য কমিশনের পক্ষ থেকে বাধ্যবাধকতা রয়েছে।" ঢাকা সেনানিবাসে দলের নেত্রী খালেদা জিয়ার বাড়ির ইজারা বাতিলের নোটিশের বিষয়ে তিনি বলেন, ''নোটিশের অপেক্ষায় রয়েছি আমরা। আমরা আইনি লড়াইয়েরও প্রস্তুতি নিচ্ছি। নোটিশ দেখে, তার সারবস্তু কি আছে, তা দেখে আদালতে যাব। '' সাবেক আইনমন্ত্রী বলেন, ''ঢাকা সেনানিবাসে খালেদা জিয়াসহ তার পরিবারের সদস্যদের বাড়িটি দেওয়া হয়েছে চিরস্থায়ী ইজারা দলিলের মাধ্যমে। সরকার বাড়িটি বাতিলের যে যুক্তি দেখাচ্ছে, তা অযৌক্তিক। দেশের মূল ইস্যুকে আড়াল করতেই সরকার এই বাড়িটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে যা আইনগতভাবে ভিত্তিহীন ও বেআইনি।'' তিনি জানান, ২০০১ সালের ৮ জুলাই আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকাকালেও এই বাড়িটি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বলা হয়েছিল। কিন্তু ক্যান্টনমেন্ট বোর্ড তা করতে সম্মত হয়নি। এবার সরকার বাড়ির ইজারা বাতিলের বিষয়ে যে অভিযোগ তুলছে, তা খোঁড়া অভিযোগ। এর কোনো আইনগত ভিত্তি নেই। তিনি আরও বলেন, ''আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলনও সচল রাখা হবে। কারণ দেশের মানুষ সরকারের ওই বাড়ি বাতিলের অবৈধ সিদ্ধান্ত মেনে নেয়নি। বর্তমান সরকার দিনবদলের কথা বলে বাকশালী একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। গত তিন মাসের সরকারের কার্যক্রমে তা প্রকাশ পেয়েছে। সর্বশেষ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টায় সে নমুনার বহির্প্রকাশ ঘটেছে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/জিএনএ/১৫৪৩ ঘ.