নওগাঁ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশকে হুমকি এবং 'রাষ্ট্রবিরোধী' বক্তব্য দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর আটকাদেশের মেয়াদ আরো তিন মাস বাড়িয়েছে সরকার।
নওগাঁর জেলা প্রশাসক মো. আহসান হাবিব তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর আটকাদেশের মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে গতকাল (বুধবার) সন্ধ্যায় চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই আটকাদেশের মেয়াদ ২০ এপ্রিল থেকে কার্যকর হবে।
ইতোমধ্যে নতুন আটকাদেশের চিঠি নওগাঁ জেলা কারাগারের তত্ত্বাবধায়কের কাছে পাঠানো হয়েছে।
'রাষ্ট্রবিরোধী' বক্তব্য ও হুমকির অভিযোগে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) করা জিডির পরিপ্রেক্ষিতে ২১ মার্চ বিকেলে উপজেলা সদরের বাসভবন থেকে সাবেক ডেপুটি স্পিকার ও নওগাঁ জেলা বিএনপির উপদেষ্টা আখতার হামিদকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়। একমাসের আটকাদেশ দিয়ে রাতে তাকে পাঠানো হয় নওগাঁ কারাগারে।
পরদিন ২২ মার্চ মহাদেবপুর থানায় চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলা করেন উপজেলার বাগডোব নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াসমিন এবং ফেরদৌস আলম নামে নওগাঁর একজন ঠিকাদার।
এছাড়া ওই একই দিন বদলগাছী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্রনাথ বিশ্বাস ও ইয়াসিন আলী চাঁদাবাজি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে সাবেক ডেপুটি স্পিকারের বিরুদ্ধে মহাদেবপুর থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আখতার হামিদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় চাঁদাবাজি, প্রতারণা ও শারীরিক নির্যাতনের অভিযোগে মোট চারটি মামলা ও দুইটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এইচএ/১৭১০ ঘ.
bdnews24