ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা পরিষদ বিল বাতিলের দাবি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করে সরকার জনগণ ও সংবিধানের সঙ্গে প্রতারণা করেছে।
নতুন করে স্থানীয় সরকারের এ আইন প্রণয়নেরও দাবি জানান তিনি।
সোমবার বিকালে রাজধানীর মুক্তাঙ্গনে সিপিবি আয়োজিত 'স্থানীয় সরকার ক্ষমতায়ন দিবস' এর সমাবেশে দলের সভাপতি এ দাবি জানান।
মনজুরুল আহসান খান বলেন, "এখন গণতন্ত্রের নামে এমপিতন্ত্র কায়েম করা হচ্ছে। স্থানীয় সরকারের উপজেলা পরিষদ বিলে এমপিদের খবরদারিত্ব দিয়ে সরকার জনগণের সঙ্গে ও সংবিধানের সঙ্গে প্রতারণা করছে।"
গত ৬ এপ্রিল জাতীয় সংসদে পাশকৃত উপজেলা পরিষদ বিল বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, "এমপিতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা বাদ দিয়ে স্বশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন আইন প্রণয়ন করতে হবে।"
সমাবেশে সিপিবি নেতা মোর্শেদ আলী, আহসান হাবীব লাভলু, অ্যাডভোকেট সোহেল আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২২৩৪ঘ.
bdnews24