ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি বরাদ্দ বাতিলের বিরুদ্ধে যেকোনো আন্দোলন দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কেউ কেউ এটা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সেটা করতে দেওয়া হবে না। যে কোনো বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করা হবে।"
তিনি বলেন, "বিরোধীদলীয় নেত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা যদি ক্যান্টনমেন্টে ঢুকতে না পারেন, তাহলে বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি (খালেদা) কিভাবে সেখানে বসে রাজনীতি করেন? গুলশানে যখন ওনার বাড়িটি আছেই, তখন ক্যান্টনমেন্টে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো ঠিক নয়।"
খালেদা জিয়ার উদ্দেশে সাহারা খাতুন বলেন, "আপনি সরকারের সিদ্ধান্ত মেনে গুলশানের বাড়িতে চলে আসুন, জনগণ আপনাকে সাধুবাদ জানাবে।"
সাহারা প্রশ্ন তোলেন, "একজন মানুষের কয়টি বাড়ি দরকার?"
তিনি জানান, জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়াকে গুলশানে বাড়ি, ১০লাখ টাকা, ছেলেদের পড়াশুনার জন্য ২৫বছর পর্যন্ত মাসিক ভাতা বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে এরশাদ সাহেব এককভাবে সেনাপ্রধানের বাসভবনটি তার নামে বরাদ্দ দেন।
স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ আয়োজিত 'বালাদেশের স্বাস্থ্য সেবায় হোমিওপ্যাথিক চিকিৎসার গুরুত্ব' শীর্ষক এ আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখছিলেন। ডা. দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
সাহারা বলেন, বিগত সরকারগুলো দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। তা থেকে দেশকে ফিরিয়ে আনা হয়েছে। '৭৫ এর ১৫ আগষ্ট থেকে দেশে হত্যার রাজনীতি শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় দেশে জঙ্গিবাদ শুরু হয়েছে। কিন্তু তা থেকেও আমরা দেশকে ফিরিয়ে আনব।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজাকার-আলবদররা তাদের গাড়িতে লাল সবুজ পতাকা উড়িয়ে ঘুরে বেড়াবে, আর মুক্তিযোদ্ধারা রাস্তায় রাস্তায় ঘুরবে, এটা আর হতে দেয়া হবে না। এদের বিচারের জন্য আমরা একের পর এক মন্ত্রণালয়ে সভা করছি। তদন্ত টিম গঠন করার সিদ্ধান্ত নিয়েছি, প্রসিকিউটর ও ট্রাইবুন্যাল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই এদের বিচার শুরু হবে।
পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ ফেব্র"য়ারী যারা পিলখানায় আর্মি অফিসারদের হত্যা করেছে, তাদের বিচার কঠোরভাবে করতে চাই। এদের বিচারের মাধ্যমে এমন দৃষ্টান্ত স্থাপন করা হবে, যাতে এরকম ঘটনা বাংলার মাটিতে আর না ঘটে।
বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী বলেন, "শেখ হাসিনা হোমিওপ্যাথি চিকিৎসার গুরুত্ব বোঝেন। এ কারণেই অতীতে এই খাতে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু আর কোন সরকার বরাদ্দ দেয়নি। এখন আবার এ চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে।"
প্রত্যেক উপজেলায় একজন করে হোমিওপ্যাথ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে তিনি জানান।
খালেদার সেনানিবাসের বাড়ি প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়িটি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। সেটা দখলমুক্ত করার কারণেই তারা আজ বিভ্রান্তি ছড়াচ্ছে।
এর বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান কামরুল ইসলাম।
তারা হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/জিএনএ/এইচএ/২০৪০ঘ.
bdnews24