২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট জেলা যুবদল সভাপতির বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাগেরহাট জেলা যুবদল সভাপতি ও সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2009, 11:11 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

বাগেরহাট, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাগেরহাট জেলা যুবদল সভাপতি ও সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। আয়ের উৎস্য গোপন ও অসত্য তথ্য দেওয়ার মাধ্যমে ফকির তরিকুল ইসলাম বিরুদ্ধে নিজের ও স্ত্রীর নামে প্রায় ৭০ লাখ সাত হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জনের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বাগেরহাট সদর থানায় মামলাটি করেন। এজাহারে বলা হয়, ফকির তারিকুল ইসলাম বিগত জোট সরকারের সময়ে প্রভাব খাটিয়ে অসৎভাবে এ অর্থ আয় করেছেন। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে ২০০৮ সালের ৯ আগস্ট ফকির তারিকুল ইসলামকে সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেওয়া হয়। ১৩ আগস্ট তিনি ৩২ লাখ ৭৪ হাজার ৭৪১ টাকা দুই পয়সার সম্পদ বিবরণী দাখিল করেন বলে এজাহারে বলা হয়েছে। এজাহারে বলা হয়, দুদক তদন্ত করে জানতে পারে ফকির তরিকুল তার সম্পদ ও সম্পত্তির মূল্য নির্ধারণের ক্ষেত্রে ৪৬ লাখ ৫৬ হাজার ২৯২ টাকার তথ্য গোপন করেছেন। সে হিসেবে তার মোট আয় হয় ৭৯ লাখ ৩১ হাজার ৩৩ টাকা দুই পয়সা। ২০০৭-০৮ অর্থ বছরে তিনি আয়কর দিয়েছেন নয় লাখ ২৩ হাজার ৮৫০ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১২ ঘ.