২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকার আমলের মামলা প্রত্যাহারের আবেদনই জমা পড়ছে বেশি

দৃশ্যত তত্ত্বাবধায়ক সরকারের আমলের কথিত রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য আওয়ামী লীগ সরকার একটি আইনী উদ্যোগের সূচনা করলেও কৌতুহলকর বিষয় হচ্ছে, বিগত জোট সরকার আমলের মামলা প্রত্যাহারের আবেদনই জমা পড়ছে বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 07:13 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৃশ্যত তত্ত্বাবধায়ক সরকারের আমলের কথিত রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য আওয়ামী লীগ সরকার একটি আইনী উদ্যোগের সূচনা করলেও কৌতুহলকর বিষয় হচ্ছে, বিগত জোট সরকার আমলের মামলা প্রত্যাহারের আবেদনই জমা পড়ছে বেশি। এদিকে মামলার সত্যায়িত কপির অভাবে তা প্রত্যাহারের আবেদন করতে পারছেন না বেশিরভাগ রাজনৈতিক ব্যক্তিত্ব। ঢাকার জেলা প্রশাসকের বিচার শাখায় এ পর্যন্ত প্রায় তিন শ' বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে দায়ের করা কথিত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদন পড়েছে বলে সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মচারী নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার জানিয়েছেন। নাজমুল বলেন, বিভিন্ন সময়ে দায়ের হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য আবেদন করা যাবে বলে গত ২ এপ্রিল ঢাকার জেলা প্রশাসকের বিচার শাখায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি আসে। চিঠিতে উল্লেখ করা হয় ১৫ এপ্রিল পর্যন্ত মামলা প্রত্যাহারের জন্য আবেদন করা যাবে। অনুসন্ধানে জানা গেছে, সাবেক জোট সরকার আমলে আওয়ামী লীগ ও অন্য কিছু রাজনৈতিক দল ও ব্যবসায়ী ব্যক্তিত্বের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদনই বেশি পড়েছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার আমলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া ৪টি মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে। কিন্তু এ সব আবেদন শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়নি। আইনজীবীদের মাধ্যমে এ সব আবেদন করা হয়েছে শেখ হাসিনার সহ অভিযুক্তদের পক্ষ থেকে। জেলা প্রশাসনের আইন শাখা থেকে জানা গেছে, বর্তমান প্রধান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বা বিএনপি'র অন্য নেতাদের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার আমলে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য তেমন কোন আবেদন এখনো পড়েনি। তবে এর উদ্যোগ নেওয়া হচ্ছে। খালেদা জিয়াসহ বিএনপির বিভিন্ন সাবেক মন্ত্রী ও সাংসদের অন্যতম আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, তিনি এবং তার সিনিয়র আইনজীবী সানাউল্লাহ মিয়া খালেদা জিয়ার বিরুদ্ধে ৪টি, বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে ২টি, আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ১৫টি, জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে ৪টি, তারেক রহমানের বিরুদ্ধে ১১টি, আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে ৩টি, সালাউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে ১২টি, খায়রুল কবীর খোকনের বিরুদ্ধে ২টি এবং জাফরুল হাসানের বিরুদ্ধে ১টি সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা বেশ কিছু মামলা প্রত্যাহারের জন্য আবেদন করবেন। নিম্ন আদালতে খালেদা জিয়া এবং বিএনপি'র অন্য নেতাদের প্রধান আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা এখনো এসব সাবেক মন্ত্রী ও সাংসদের মামলার সত্যায়িত কপি হাতে পাননি। সংশ্লিষ্টরা তাদের বলেছেন, প্রয়োজনীয় লোকবলের অভাবে ঢাকার বিভিন্ন আদালতের নকল খানা থেকে ওই সত্যায়িত কপি সরবরাহ করা যাচ্ছে না। সানাউল্লাহ মিয়া এ কারণে মামলা প্রত্যাহারের আবেদনের মেয়াদ ১৫ এপ্রিল থেকে নূন্যতম আরও এক মাস বাড়িয়ে দেওয়ার আবেদন করেন সরকারের প্রতি। বিকল্প হিসেবে তিনি প্রত্যাহারের আবেদনের সঙ্গে মামলার ফটোকপি অথবা হাতে লেখা সত্যায়িত কপি দাখিলের অনুমতি দেওয়ার আবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে মামলা প্রত্যাহারের আবেদনের সঙ্গে মামলার এজাহার এবং অভিযোগপত্রের সত্যায়িত কপি দাখিল করতে বলা হয়েছে। মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির একজন সদস্য মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবু আবদুল্লাহ'র কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, মামলা প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর ব্যাপারে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। তিনি সত্যায়িত কপি (নকল) পাওয়ার ব্যাপারে জটিলতার কথা স্বীকার করেন। এদিকে আবু আবদুল্লাহ জানিয়েছেন,আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার ও মকবুল আহমেদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে 'রাজনৈতিক মামলা' প্রত্যাহারের আবেদন করা হয়েছে। মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে তার কাছে মতামত চাওয়া হয়েছে বলে পাবলিক প্রসিকিউটর আবু আবদুল্লাহ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২৩৫৫ঘ.