২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা পরিষদ আইন উন্নয়ন ব্যাহত করবে: বিকল্পধারা

সংসদে পাস হওয়া উপজেলা পরিষদ আইন দেশের উন্নয়ন ব্যাহত করবে বলে মনে করেন বিকল্পধারা বাংলাদেশের শীর্ষ নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 06:03 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে পাস হওয়া উপজেলা পরিষদ আইন দেশের উন্নয়ন ব্যাহত করবে বলে মনে করেন বিকল্পধারা বাংলাদেশের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার দলের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব আবদুল মান্নান এক যৌথ বিবৃতিতে এই মত দেন। বিবৃতিতে বলা হয়, উপজেলা পরিষদ আইন সংখ্যাগরিষ্ঠ জনগণের আশা ভেঙেছে। এতে দেশের উন্নয়ন ব্যাহত হবে। এতে আরো বলা হয়, পাস হওয়া আইন অনুযায়ী স্থানীয় সাংসদের ইচ্ছার বাইরে গিয়ে উপজেলা পরিষদ উন্নয়নসহ কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারবে না। ওই আইনটির মাধ্যমে সাংসদদের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকারের ক্ষমতা হ্রাস করা হয়েছে। এই আইনের ফলে সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে বলে বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়। প্রসঙ্গত, গত ৬ এপ্রিল উপজেলা পরিষদ বিল সংসদে সর্বসম্মতভাবে পাস হয়। কর্তৃত্ব হারানোর আশঙ্কায় উপজেলা চেয়ারম্যানরা এর বিরোধিতা করেছেন। সুশীল সমাজের প্রতিনিধিরাও সাংসদদের সব ক্ষমতা দিয়ে স্থানীয় সরকারের কর্তৃত্ব 'কেড়ে নেওয়ার সমালোচনা' করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/এসকে/২৩০৫ ঘ.