২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ নাদিম মোস্তফার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বিএনপির সাবেক সাংসদ নাদিম মোস্তফার স্ত্রী নুরুন নাহার পারুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বিএনপির সাবেক সাংসদ নাদিম মোস্তফার স্ত্রী নুরুন নাহার পারুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার রমনা থানায় দুদকের সহকারী পরিচালক এ এস এম রাশেদুল রেজা এ মামলা করেন। রমনা থানার উপ পরিদর্শক কুদ্দুস ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় নুরুন নাহার পারুলের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। উপ পরিদর্শক বলেন, "দুদক পারুলের কাছে সম্পদের হিসেব চেয়ে নোটিশ পাঠালে তিনি ৬১ লাখ ৬০ হাজার টাকার সম্পত্তির হিসাব দেয়। পরে কমিশন বিষয়টি খতিয়ে দেখলে তার ১ কোটি ৩৭ লাখ টাকার সম্পত্তির হদিস পায়।" দুর্নীতি দমন কমিশন ২০০৪ আইনের ২৬ (২) এবং ২৭(১) ধারায় মামলাটি করেছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। পারুলের স্বামী বিএনপির সাবেক সাংসদ নাদিম মোস্তফা সোনার মুকুট উপহার নিয়ে সমালোচিত হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/২১৩৮ঘ.