ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির ইজারা বাতিলের মন্ত্রিসভার সিদ্ধান্তকে 'বেআইনি' অভিহিত করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার বিএনপি'র প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান।
দেলোয়ার বলেন, ''সময় থাকতে মন্ত্রিসভার বেআইনি সিদ্ধান্ত প্রত্যাহার করুন। হুমকি-ধামকি দিয়ে আইনের বাইরে কিছু করলে তার ফল ভালো হবে না। এর সব দায় সরকারকেই নিতে হবে।''
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে খালেদার ঢাকা সেনানিবাসের ওই বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত হয়।
সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির ঘোষিত দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকাসহ ৬ বিভাগীয় শহরে প্রতিবাদ-সমাবেশ হয়। শনিবার জেলা, উপজেলা ও থানায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হবে।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশে বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী সমবেত হন। তারা 'জিয়া-জিয়া, খালেদা জিয়া' শ্লোগান দেন।
সমাবেশের শেষ দিকে কিছুটা উত্তেজনা দেখা দিলে কর্মীদের ছুটাছুটি শুরু হয়।
সমাবেশ শেষে মেয়র সাদেক হোসেন খোকার নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের একটি মিছিল বের হয়ে তা কাকরাইল মোড়ে এসে শেষ হয়।
সভাপতির বক্তব্যে দেলোয়ার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের তিন মাসের ব্যর্থতার চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, "পিলখানার ঘটনাসহ নানা সমস্যা মোকাবেলায় ব্যর্থ এ সরকার দেশবাসীর দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতে জিয়ার স্মৃতিবিজড়িত ঢাকা সেনানিবাসের বাড়িটি নিয়ে ষড়যন্ত্র করে এর লিজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
"ওই বাড়িটি সংসদের সর্বসম্মত সিদ্ধান্তে ক্যান্টনমেন্ট বোর্ড জিয়া পরিবারকে দিয়েছে। ওই লিজ বাতিলের দায়িত্ব মন্ত্রিসভার নয়। মন্ত্রিসভার এরকম সিদ্ধান্তে আমি একজন নাগরিক হিসেবে নিজেই লজ্জাবোধ করছি।''
বিএনপি মহাসচিব অভিযোগ করেন যে ২০০১ সালে গণভবন নিজের নামে লিখে নেওয়ার বিষয়টি বাতিল হওয়ার প্রতিশোধ হিসেবেই সরকার এটা করেছে বলে জনগণ মনে করে।
এ সর্ম্পকে তিনি বলেন, ''বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই বাড়িটি থেকে শুধু জিয়া পরিবারকে সরিয়ে দেওয়া নয়, জাতীয়তাবাদী রাজনীতিকে ধ্বংস করাই এর উদ্দেশ্য।''
এর বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীসহ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানান দেলোয়ার।
প্রতিবাদ-সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সহ-সভাপতি তরিকুল ইসলাম, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, আবদুল্লাহ আল নোমান, গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক, সাংসদ বরকত উল্লাহ বুলু, আবুল খায়ের ভূঁইয়া, রেহানা আক্তার রানু, আসিফা আশরাফি পাপিয়া, নীলুফার ইয়াসমীন মনি, সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলম, এম ইলিয়াস আলী, শিরিন সুলতানা, খায়রুল কবির খোকন, যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুন নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা ইউনিট ঢাকার জজ আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করেছে।
এছাড়া জাতীয়তাবাদী মহিলা আইনজীবী দল ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে এক জরুরি সভা করে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিবি/এইচএ/২০১০ঘ.
bdnews24