ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাড়ির ইজারা বাতিলের প্রতিবাদে বগুড়া ও চাঁদপুরে বুধবার রাতে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলকারীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করে।
সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক মহিলা সাংসদ নূর আফরোজ বেগম, শহর বিএনপি সভাপতি মাহবুবর রহমান বকুল, আলী আজগর হেনা ও সহিদ-উন-নবী সালাম উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাতিল করা না হলে এ সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া হবে।
চাঁদপুর প্রতিনিধি জানান, সন্ধ্যায় জেলা ছাত্রদল নেতা-কর্মীরা শহরে প্রতিবাদ মিছিল বের করে।
শহরের শাপলা চত্বর থেকে মিছিলটি বের করা হয়। প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলকারীরা আবার শাপলা চত্বরে এসে সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা সালাউদ্দিন মো. বাবর, জেলা ছাত্রদল সভাপতি মানিকুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল।
সমাবেশে অবিলম্বে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়।
বুধবার মন্ত্রিসভার বৈঠকে খালেদা জিয়ার সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/২২৩৫ ঘ.
bdnews24