২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিবুর রহমান দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কমিশনার হাবিবুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির অনুমতিক্রমে মঙ্গলবার মন্ত্রিসভা থেকে এ সংক্রান্ত একটি আদেশ দুদকে পাঠানো হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 10:57 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কমিশনার হাবিবুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির অনুমতিক্রমে মঙ্গলবার মন্ত্রিসভা থেকে এ সংক্রান্ত একটি আদেশ দুদকে পাঠানো হয়। পরে বিকেলে হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, "দায়িত্ব পাওয়ার পর আমি আজ (মঙ্গলবার) চেয়ারম্যান হিসেবে অফিস করেছি। গত পাঁচদিন এই পদটি শূন্য থাকায় কিছু কিছু সমস্যা দেখা দিয়েছিল। মূলত চেয়ারম্যানের কাজগুলো আটকে ছিল। এসব কাজ আমি শুরু করেছি।" কমিশনের কাজে সরকারের তরফ থেকে কোন চাপ রয়েছে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি। সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই।" বৃহস্পতিবার হাসান মশহুদ চৌধুরীর পদত্যাগের পর কমিশনে চেয়ারম্যানের পদ শূন্য হয়ে পড়ে। এর পর থেকে কে হবেন চেয়ারম্যান- এ নিয়ে আলোচনা শুরু হয় সব মহলে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বাকি দুই কমিশনার পদত্যাগ করতে পারেন- এমন সংবাদও প্রকাশিত হয়। অবশ্য কমিশনার হাবিবুর রহমান রোববার সাংবাদিকদের দুদকে থাকার ব্যাপারে তার ইচ্ছার কথাই জানিয়েছিলেন। একইসঙ্গে তাদের ওপর পদত্যাগে কোন চাপ নেই তুলে ধরে তিনি বলেছিলেন, তারা পদত্যাগ করবেন, না থাকবেন সেটি সরকারের ইচ্ছা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জিএনএ/১৬৫৯ ঘ.