মানিকগঞ্জ, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইন করে সংসদ সদস্যদের উপজেলা পরিষদে ক্ষমতা দেওয়া হলে সেটা অসাংবিধানিক হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা।
তিনি বলেন, "যত দূর জেনেছি যদি আইন করে সাংসদদের উপজেলা পরিষদের ওপরে ক্ষমতা দেওয়া হয় তাহলে সেটা অসাংবিধানিক হবে। আমরা এমন কিছু চাই না যাতে সাংবিধানিক সমস্যার সৃষ্টি হয়ে যায়।"
সোমবার দুপুরে মানিকগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণ পাইলট কর্মসূচি পর্যালোচনাক্রমে দেশব্যাপী কর্মসূচি গ্রহণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কথা বলেন।
উপজেলা পরিষদে সাংসদদের ক্ষমতা দেওয়ার বিষয়টা বিবেচনা করে দেখার আহ্বান জানান তিনি।
শাসুল হুদা বলেন, "যত তাড়াতাড়ি সম্ভব সারাদেশে ভোটার তালিকা হালনাগাদকরণের কাজ শুরু করা হবে। সেনাবাহিনীর সহায়তায় সোয়া আট কোটি ভোটারের যে তথ্যভাণ্ডার (ডাটা বেইজ) তৈরি করা হয়েছে তা প্রায় নির্ভুল। হালনাগাদ করতে গিয়ে সে তথ্যভাণ্ডার ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না।"
সিইসি বলেন, "বদলিজনিত কারণে অথবা বাড়ি-ঘর স্থানান্তর করলেই একজন ভোটার স্থানান্তর হতে পারবেন। ভোটার তালিকা হালনাগাদ করার সময় তথ্য সংগ্রহকারীদের তালিকায় নাম না থাকলে তাদের রেজিষ্ট্রেশন বা ভোটার করা হবে না।"
পাইলট প্রকল্পের বিষয়ে তিনি বলেন, "মূল কাজটি ব্যাপক আকারে শুরু করার আগে সে কাজের সুবিধা-অসুবিধা যাচাই করার জন্যই পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়।"
সিইসি জানান, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি পুকুরহাটি ইউনিয়নসহ মানিকগঞ্জ পৌর এলাকার দুইটি ওয়ার্ডের ভোটার তালিকা হালনাগাদকরণের পাইলট প্রকল্প থেকে সুবিধা-অসুবিধাগুলো চিহ্নিত করা হয়েছে। যারা এই কাজে যুক্ত ছিলেন কর্মশালায় তাদের মতামত নেওয়া হয়েছে। কমিশনে বসে এই সুপারিশগুলো বিবেচনা করে পরবর্তী পদ্ধতি নির্ধারণ করা হবে।
পাইলট প্রকল্প এলাকায় বিদ্যমান ভোটার সংখ্যা ৩০ হাজার ৮৩১ জন। নতুন করে নিবন্ধিত হয়েছেন এক হাজার ১৭২ জন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবির, জেলা প্রশাসক জিএম সালেহ আহম্মেদ, পুলিশ সুপার শেখ মুহম্মদ মারুফ হাসান এবং পৌরসভার মেয়র মো. রমজান আলীসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪২ ঘ.
bdnews24