শেখ হাসিনা আর ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী থাকছেন না
ছাত্রলীগের সাংগঠনিক নেতৃত্ব থেকে নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সেইসঙ্গে 'ছাত্র নামধারীদের' সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে এই মুহূর্ত থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে।
ছাত্র নামধারীদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি প্রতিহত করতে বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতিও আহবান জানিয়েছে আওয়ামী লীগ।
শনিবার রাতে বৈঠক শেষে দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান।
দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সহিংস কার্যকলাপের প্রেক্ষাপটে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ জরুরি বৈঠক আহ্বান করা হয়।
আশরাফ বলেন, "ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং ছাত্র নামধারীদের বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, টেন্ডার ও চাঁদাবাজির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে বৈঠকে । এ ধরণের কর্মকাণ্ড থেকে তাদের বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ মানা না হলে তাদের এসব কর্মকান্ড কঠোর হস্তে দমন করা হবে। আইনের কঠোর প্রয়োগ করা হবে। আজকে (শনিবার) থেকেই আইনের সব শক্তি প্রয়োগ করা হবে।"
ছাত্রলীগের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ছাত্রলীগসহ যারাই এসব কাজ করছে সেগুলো আইনি সমস্যা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো ক্রিমিনাল অ্যাক্ট। এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে ছাত্রলীগও থাকতে পারে। অন্যান্য ছাত্র সংগঠনও থাকতে পারে। ছাত্রলীগের কেউ হলেও কঠোর হস্তে দমন করতে হবে।"
ছাত্রলীগের কার্যক্রম অব্যাহত থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "ছাত্রলীগের কর্মকান্ড শান্তিপূর্ণভাবে চলবে।"
এর আগে তিনি বলেন, "আওয়ামী লীগ সভানেত্রী সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আর ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী থাকবেন না।"
শেখ হাসিনা কেন ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী থাকবেন না - জানতে চাইলে আশরাফ বলেন, "আওয়ামী লীগ সভানেত্রী আর চাচ্ছেন না ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী থাকতে।"
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ছাত্রলীগের সাংগঠনিক দূর্বলতাও আছে। নতুন কমিটি ঠিকভাবে কাজও করতে পারেনি। তাদের নেতৃত্ব প্রতিষ্ঠারও সুযোগ পায়নি।"
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে রাত সোয়া আটটায় সংবাদ সম্মেলনে আশরাফ জানান, প্রায় দু'ঘন্টা ধরে এই বৈঠক চলে এবং সভাপতিমণ্ডলীর অধিকাংশ সদস্যই এতে উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের বর্তমান কর্মকাণ্ড ছাড়াও শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠকে নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়েও আলোচনা হয়।
আশরাফ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী (আরপিও) আওয়ামী লীগের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিবর্তন করা হবে। এজন্য আগে যে কমিটি করা হয়েছে তার সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। আরপিও'তে অঙ্গ সংগঠন না রাখার কথা বলা হয়েছে। আওয়ামী লীগেরও কোনো অঙ্গ সংগঠন থাকবে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, উপ-নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ায় আজকের (শনিবার) এই বৈঠক থেকে সন্তোষ প্রকাশ করা হয়। এতেই প্রমাণ হয়ে গেছে যে, আওয়ামী লীগের সময়ই নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে।
তিনি জানান, নির্বাচনী ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে আওয়ামী লীগ ২৭ পৃষ্ঠা হিসাব দিয়েছে। আর বিএনপি ও জামাত দিয়েছে এক পৃষ্ঠা হিসাব।
নিত্যপণ্যের মূল্য প্রসঙ্গে আশরাফ বলেন, নিত্যপণ্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে এসেছে। তবে, আমরা এতে পুরোপুরি সন্তুষ্ট নই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
