ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কেরানীগঞ্জের একটি ফ্ল্যাটে বুধবারের অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী গোলাম কবির জানান, বুধবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মরিয়ম বেগম (৮৫)। আর লুৎফা বেগম (৫৫) মারা যান রাশমনো হাসপাতালে।
দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের রহমান টাওয়ারের একটি ফ্ল্যাটের গ্যাসের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে দমকল কর্মী ও প্রতিবেশীরা জানান। এতে দুই শিশুসহ ১১ জন গুরুতর আহত হয়।
রাশমনো হাসপাতালের আইসিইউ-এর ব্যবস্থাপক শ্যামল দত্ত জানান, তার হাসপাতালের আইসিইউতে এখন লিজা, মাহমুদা, মোতাহার শিকদার ও আমিনুল নামের চারজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
আর বাকীরা নগরীর সিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে পরিবারের সদস্যরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/২১৩১ ঘ.
bdnews24