২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংশোধিত জাতীয় হজনীতি মন্ত্রিসভায় অনুমোদন

সংশোধিত জাতীয় হজনীতি ২০০৯ ও হজ প্যাকেজ ২০০৯ অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সম্পর্কিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০০৯ এবং মৎস্য হ্যাচারি আইন ২০০৯ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 11:26 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশোধিত জাতীয় হজনীতি ২০০৯ ও হজ প্যাকেজ ২০০৯ অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সম্পর্কিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০০৯ এবং মৎস্য হ্যাচারি আইন ২০০৯ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয় বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, "জাতীয় হজ নীতিমালা হালনাগাদ করা হয়েছে। সৌদি সরকারের নতুন নিয়ম অনুযায়ী এবার হজ পাসের পরিবর্তে (পিলগ্রিম পাস) আন্তর্জাতিক পাসপোর্ট লাগবে। মক্কায় সাড়ে তিন বর্গমিটারের পরিবর্তে চার বর্গমিটার এবং মদিনায় সাড়ে চার বর্গমিটারের পরিবর্তে সাড়ে পাঁচ বর্গমিটার বাসস্থানের ব্যবস্থা করার বিষয়ও রয়েছে তাদের নতুন নিয়মে।" আবুল কালাম আজাদ জানান, সৌদি সরকার হজ যাত্রীদের জন্য শতকরা এক ভাগ অতিরিক্ত বাসস্থানের ব্যবস্থা করার পাশাপাশি প্রতি হাজির জন্য ৫০ সৌদি রিয়েল ব্যাংক গ্যারান্টি রাখার কথা বলেছে। এছাড়া হেরেম শরীফ থেকে দুই কিলোমিটার দূরে অবস্থানকারীদের জন্য যাতায়াতের ব্যবস্থা করারও নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী হজ প্যাকেজ অনুমোদন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। তিনি জানান, এবার হজে যেতে দুই লাখ ২০ হাজার ৫৫০ টাকা করে লাগবে। বিভিন্ন উপজাতীয় ও আদিবাসীদের অনন্য বৈশিষ্ট, সংস্কৃতি সংরক্ষণ এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রয়োজনেই নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সম্পর্কিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০০৯ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। তিনি বলেন, "এই আইনের ফলে উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো একেকটি সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে তাদের স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন এবং এই সম্পত্তি তাদের অধিকারে রাখার ক্ষমতা রাখবে। এছাড়াও উপজাতীয় জনগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার সব ব্যবস্থা থাকবে।" মৎস্য হ্যাচারি আইন ২০০৯ প্রসঙ্গে আবুল কালাম আজাদ বলেন, "পোনা ও রেনুর মান সন্তোষজনক নয়। দেশের মৎস্য সম্পদের কাঙ্খিত ও টেকসই উন্নয়ন, গুণগত মানসম্পন্ন পোনা ও রেনু উৎপাদন, যথাযথভাবে মাছ ও চিংড়ি হ্যাচারি স্থাপন এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্যই এই আইনটি করা হয়েছে।" হ্যাচারি মালিকরা নিয়ম-নীতি না মানলে তাদের শাস্তির ব্যবস্থাও এই আইনে আছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। এরআগে সার্কের মহাসচিব ড. শীল কান্ত শর্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। ড. শীল কান্ত শর্মা বিডিআরের ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি এ ঘটনার দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের জন্য শেখ হাসিনার প্রশংসা করেন বলে জানিয়েছেন আবুল কালাম আজাদ। তিনি বলেন, "বৈঠকে সার্ককে আরো শত্তিশালী করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।" পরে দুপুরে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও ভুটানের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি এবং নির্বাহী পরিচালক আদর্শ কিশোর প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। আবুল কালাম আজাদ জানান, বিশ্ব মন্দা পরিস্থিতি মোকাবেলায় আইএমএফের পক্ষ থেকে বাংলাদেশকে সব রকমের সাহায্য ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন আদর্শ কিশোর। বৈঠকে আদর্শ কিশোর বৈশ্বিক এ মন্দাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি অভিহিত করেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এইচএ/১৭১৬ ঘ.