ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মানুষের আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতি গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেছেন, "ভয়ভীতি দিয়ে কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়।"
ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার সকালে স্বাধীনতা পুরস্কার ২০০৯ বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ আবদুল গাফ্ফার চৌধুরী, সংস্কৃতিতে আবদুল মতিন, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক এ এম হারুন অর রশিদ এবং সমাজসেবা ও জনসেবায় বেগম আইভি রহমানকে (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার ২০০৯ দেওয়া হয়।
মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, উর্ধ্বতন সরকারি ও বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে শেখ হাসিনা স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আবদুল গাফ্ফার চৌধুরী ও অধ্যাপক এ এম হারুন অর রশিদের হাতে স্বর্ণ পদক, নগদ এক লাখ টাকা এবং সম্মাাননাপত্র তুলে দেন।
অসুস্থতার জন্য দেশের বাইরে অবস্থান করায় আবদুল মতিনের বোন রাজিয়া মতিন চৌধুরী এবং বেগম আইভি রহমানের পক্ষে তার মেয়ে তানিয়া বখত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন।
পদক নিয়ে গাফ্ফার চৌধুরী, অধ্যাপক এ এম হারুন অর রশিদ, রাজিয়া মতিন চৌধুরী এবং তানিয়া বখত সবাই প্রধানমন্ত্রীর সাথে মঞ্চে এক কাতারে বসেন। পরে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলেন।
স্বাধীনতা পুরস্কার ২০০৯ গ্রহণ করার পর পুরস্কারপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবদুল গাফ্ফার চৌধুরী। তিনি বলেন, "স্বাধীনতা অর্জিত হলে তা রক্ষা না করলে তার বেদনা অপরিসীম। আমরা স্বাধীনতার স্থপতিকে হারিয়েছি। হারিয়েছি স্বাধীনতার চার স্তম্ভ। এই পদককেও বিতর্কিত করা হয়েছে। এজন্য এই পদক ধারণ কতোটা যুক্তিসঙ্গত সে প্রশ্ন আমি রাখছি। তবুও এই পদক আমি নিয়েছি, ৩০ লাখ শহীদের প্রতি সম্মান প্রদর্শন করে।"
২০০৩ সালে চারদলীয় জোট সরকারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা পদক দেওয়ার সমালোচনা করে গাফ্ফার চৌধুরী বলেন, "স্বাধীনতা পদকের মালিন্য দূর করা দরকার।"
পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, "আজকে (বুধবার) যারা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য স্বাধীনতা পদক পেয়েছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। আপনাদের সম্মানিত করতে পেরে আজ জাতি ধন্য হয়েছে।"
১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত বঙ্গবন্ধু সরকার প্রধান থাকতে দেশের বিভিন্ন থেকে উন্নয়নের কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, "মিত্র শক্তি হিসাবে যারা মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করেছিলো জাতির জনকের অনুরোধে সেই মিত্র শক্তি দেশে ফিরে যায়। যা ইতিহাসে বিরল। এখনো বিশ্বে বিভিন্ন দেশে মিত্র শক্তি রয়েছে। কিন্তু জাতির জনকের দৃঢ়তায় মিত্র বাহিনী দেশ স্বাধীন হওয়ার তিন মাসের মধ্যেই চলে যায়।"
শেখ হাসিনা আরো বলেন, "আমরা স্বাধীন হয়েছি। কিন্তু, অর্থনৈতিক মুক্তি পাইনি। দারিদ্রমুক্ত হইনি।"
অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/১৪২৬ ঘ.
bdnews24