২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার ভিসা বাতিল: লেবার কাউন্সেলরকে দুষলেন পররাষ্ট্রমন্ত্রী

কুয়ালালামপুরে বাংলাদেশ লেবার কাউন্সেলরের দেওয়া 'রাজনৈতিক স্পর্শকাতর' বক্তব্যের কারণে ৫৫ হাজার বাংলাদেশি শ্রমিকের ভিসা বাতিল করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 08:14 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়ালালামপুরে বাংলাদেশ লেবার কাউন্সেলরের দেওয়া 'রাজনৈতিক স্পর্শকাতর' বক্তব্যের কারণে ৫৫ হাজার বাংলাদেশি শ্রমিকের ভিসা বাতিল করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি। এছাড়া জঙ্গিবাদ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে না বলেও মনে করেন দীপু মনি। বুধবার মালয়েশিয়া সফরে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিকেলে তার মালয়েশিয়া যাওয়ার কথা। গত ৬ জুন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সংবাদ সম্মেলন। দীপু মনি বলেন, "কুয়ালালামপুরে বাংলাদেশি 'লেবার কাউন্সেলর' তালাত মাহমুদ সেদেশের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, মালয়েশিয়ার অর্থনৈতিক স্থবিরতার জন্য আরো ৭০ হাজার বাংলাদেশি যদি কাজের জন্য দেশে ফেরত আসে এতে দেশের কোন সমস্যা হবেনা।" মালয়েশিয়ার সরকারি এক সংবাদ সংস্থাতেও একই কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, "এটি খুবই 'রাজনৈতিক স্পর্শকাতর' বক্তব্য। তার এ বক্তব্যের জন্য ৫৫ হাজার বাংলাদেশি শ্রমিকের ভিসা বাতিল করা হয়ে থাকতে পারে।" দীপু মনি বলেন, "মালয়েশিয়ার যেসব খাতে বাংলাদেশি শ্রমিকরা কাজ করে সেসব খাতে এখনও তাদের চাহিদা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।" তিনি বলেন, "অতীতে বিভিন্ন সময় মালয়েশিয়ার সরকার বাংলাদেশিদের ভিসা বাতিল করে তা আবার প্রত্যাহার করেছে। আমি আশা করি, যাদের ভিসা বাতিল করা হয়েছে শেষ পর্যস্ত তারা আবার মালয়েশিয়া যেতে পারবেন।" মালয়েশিয়ার নেতাদের সঙ্গে এ সমস্যা নিয়ে অনানুষ্ঠানিকভাবে কথা বলবেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "নতুন সরকার গঠনের পর বিষয়টি নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে আলোচনা করতে পারি।" তিনি বলেন, "প্রয়োজন হলে আমি আবারও মালয়েশিয়া যাবো।আমাদের এ সফর সফল না হলে এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নিজেই সেখানে যাবেন।" বিদেশে বাংলাদেশের ভাবমূর্তির ক্ষেত্রে জঙ্গিবাদকে হুমকি হিসেবে মনে করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, "পরিস্থিতি আরো খারাপ না হলে এ মুহুর্তে জঙ্গিবাদকে আমি বাংলাদেশের ভাবমূর্তির জন্য চ্যালেঞ্জ হিসেবে মনে করিনা।" এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, "বিশ্বের অনেক দেশেই সন্ত্রাস ও জঙ্গিবাদের হুমকির মুখে রয়েছে। এটি কেবল বাংলাদেশ বা নির্দিষ্ট কোন একটি দেশের সমস্যা নয়। অনেক দেশেই সন্ত্রাসী ও জঙ্গি হামলা সত্ত্বেও ব্যবসায়, বিনিয়োগ ও বৈদেশিক সম্পর্ক নিরবচ্ছিন্ন রয়েছে। আমাদের দেশেও এসব চলছে।" লিবিয়া আরো বেশি সংখ্যক বাংলাদেশি শ্রমিক নিচ্ছে জানিয়ে তিনি বলেন, "জর্ডান, লেবানন, মালি ও সুদানের মতো নতুন নতুন দেশে জনশক্তি রপ্তানি করার সুযোগ পাচ্ছি আমরা।" মালয়েশিয়ার সরকারি দলের সাধারণ পরিষদে যোগ দিতে বুধবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরের উদ্দেশে রওয়ানা হবেন। জেনেভা থেকে তার সঙ্গে এ সফরে যোগ দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মোশাররফ হোসেন। ব্যবসায়ীদের উদ্বেগ ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক সোমবার জানান, দেশে জঙ্গি নিয়ে বেশি আলোচনা হলে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। তিনি বলেন, "এ বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত যে জঙ্গিবাদ নিয়ে বেশি বেশি আলোচনা হলে সবাই একে সত্যি বলে ধরে নিতে পারে।" দেশে এখন জঙ্গি নিয়ে অতি বেশি আলোচনা হওয়ায় এফবিসিসিআই'র দু'জন পরিচালককে বিদেশে যাওয়ার ভিসা দেওয়া হয়নি বলেও জানান তিনি। আনিসুল হক বলেন, "বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে দেশে জঙ্গি তৎপরতার কারণে মালয়েশিয়া সরকার আমাদের ৫৫ হাজার শ্রমিকের ওয়ার্ক পারমিট বাতিল করে দিয়েছে। ব্যাক্তিগতভাবে আমি এমনটা মনে করি না। তবে আসলেই যদি জঙ্গি বা জঙ্গিবাদের কারণে মালয়েশিয়া সরকার এ সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে এটা আমাদের জন্য খুবই দু:খজনক ঘটনা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএএইচ/এফএফ/জিএনএ/১৪১৩ ঘ.