২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ ও উপজেলা চেয়ারম্যানদের মধ্যে সংঘাত নেই: প্রধানমন্ত্রী

সাংসদ এবং স্থানীয় সরকার পর্যায়ের ক্ষমতার ভারসাম্য ঠিক রেখে দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আলেকজান্ডার গ্রাফ ল্যাম্বসডর্ফের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তাকে এই কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 05:27 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ এবং স্থানীয় সরকার পর্যায়ের ক্ষমতার ভারসাম্য ঠিক রেখে দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আলেকজান্ডার গ্রাফ ল্যাম্বসডর্ফের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তাকে এই কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ মঙ্গলবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, সাংসদ ও উপজেলা চেয়ারম্যানরা যৌথভাবে কাজ করছেন এবং স্থানীয় সরকারের এই দুই গুরুত্বপূর্ণ পদের মধ্যে সংঘাতের উপস্থিতি নেই। গ্রাফ ল্যাম্বসডর্ফ বিগত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান। বিডিআর বিদ্রোহের ঘটনায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন এবং এই সঙ্কটের সময় শেখ হাসিনার 'দূরদৃষ্টিসম্পন্ন এবং বিবেচক' ভূমিকার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বিগত নির্বাচনে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ভূমিকার প্রশংসা করে বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী করতে ও গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচন করতে এই নির্বাচন বিশাল ভূমিকা রেখেছে। তিনি নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করে তোলা এবং ত্র"টিমুক্ত ও ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন ইউরোমানি ইনস্টিটিউশনাল ইনভেস্টর এর এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা টনি শ্যাল। টনি শ্যালও প্রধানমন্ত্রীকে তার দলের বিপুল বিজয় এবং প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানান এবং বিডিআর বিদ্রোহের ঘটনায় দুঃখ প্রকাশ ও এই ঘটনায় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রশংসা করেন। তারা বিশ্বমন্দা এবং বিশ্বব্যাপী স্থবির অর্থনীতির বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী জানান, দেশের অর্থনীতিতে বিশ্বমন্দার প্রভাব নিরূপণে এবং সম্ভাব্য বিপর্যয় ঠেকানোর উপায় খুঁজতে সরকার ইতোমধ্যেই একটি টাস্কফোর্স গঠন করেছে। তিনি বলেন, সরকারি ও বেসরকারি উভয় খাতের ক্ষতি পুষিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই কাজ করছে তার সরকার। এক্ষেত্রে তিনি ব্যাংক, টেলিফোন, রেডিও এবং টেলিভিশনের মতো কিছু গুরুত্বপূর্ণ খাতের বেসরকারিকরণে পূর্ববর্তী সরকারের পদক্ষেপের কথা বলেন। টনি শ্যাল বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি এবং অর্থনৈতিক ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন। উভয় সাক্ষাতকালেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/২১২৬ঘ.