ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দল পুনর্গঠন নিয়ে বুধবার চতুর্থ দিনের মতো বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়েছে।
রাত ৮টায় গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে তা শেষ হয় রাত ১১ টায়।
এর আগে দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির এ বৈঠক বসে। আজ (বুধবার) ঢাকা বিভাগের সাংগঠনিক প্রতিবেদন নিয়ে বৈঠকে আলোচনা হয়।
গত ২২ মার্চ থেকে তিনদিনই স্থায়ী কমিটির বৈঠকে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক কমিটির প্রতিবেদন নিয়ে পর্যালোচনা পর মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের প্রতিবেদনের পর্যালোচনা শেষ করেছে স্থায়ী কমিটি।
দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বিভাগভিত্তিক ৬টি সাংগঠনিক কমিটির প্রতিবেদন স্থায়ী কমিটির বৈঠকে পর্যালোচনা করা হচ্ছে। এটি শেষ হলেই দল পুনর্গঠনের কাজ শুরু করবেন খালেদা জিয়া। স্থায়ী কমিটিতেই সিদ্ধান্ত হবে কী প্রক্রিয়ায় কাজটি শুরু হবে।''
বুধবার স্থায়ী কমিটির বৈঠকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আর এ গনি, এম শামসুল ইসলাম ও অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক কমিটির প্রধান যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন ।
গত ২৮ ফেব্র"য়ারি থেকে বিএনপির সাংগঠনিক কমিটিগুলো চেয়ারপার্সনের কাছে প্রতিবেদন জমা দেন। যুগ্ম মহাসচিবদের নেতৃত্বে ৬টি সাংগঠনিক কমিটির দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিভাগে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা বিভাগে আবদুল্লাহ আল নোমান, রাজশাহী বিভাগে মির্জা আব্বাস, খুলনা বিভাগে সেলিমা রহমান, সিলেট বিভাগে নজরুল ইসলাম খান।
এদিকে বুধবার সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে বরিশাল বিভাগের সাংগঠনিক কমিটির প্রতিবেদন দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কাছে জমা দেন কমিটির প্রধান যুগ্ম মহাসচিব অধ্যাপক এম এ মান্নান।
প্রসঙ্গত, গত ১ মার্চ খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে তৃণমূল পর্যায়ে দল পুনর্গঠনের লক্ষ্যে সুপারিশ পেশ করে
প্রতিবেদন জমা দিতে ৬ টি সাংগঠনিক কমিটি গঠন করা হয়। তারা ৩ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত থানা ও পৌরসভার নেতাদের ঢাকায় ডেকে এনে সাক্ষাৎকার নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩১০ঘ.
bdnews24