ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিশ্বমন্দা মোকাবেলায় বাংলাদেশ পোষাক প্রস্তুত ও রপ্তানীকারক সমিতিকে (বিজিএমইএ) প্রয়োজনীয় সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মোর্শেদীর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল বুধবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ আশ্বাস দেন।
সাক্ষাতকালে বিজিএমইএ নেতারা শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া সহ বিশ্বমন্দার প্রভাব থেকে তৈরি পোষাক শিল্পকে বাঁচাতে সরকারের কাছে প্রয়োজনীয় সব ধরণের সহায়তা চান।
শেখ হাসিনার সঙ্গে হেয়ার রোডে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনে সাক্ষাত শেষে সালাম মোশের্দী সাংবাদিকদের এসব কথা জানান।
সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়ে এই সাক্ষাত পর্ব চলে প্রায় পৌনে দু'ঘন্টা।
সালাম মোশের্দী বলেন, আমাদের নব নির্বাচিত কমিটি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে। টাস্কফোর্সের প্রথম বৈঠক সম্পর্কেও আমরা প্রধানমন্ত্রীকে অবহিত করেছি।
তিনি বলেন, "আমরা প্যাকেজের কথা বলেছি। আমরা ভ্যাট রহিতকরণ, জেনারেটরের ওপর থেকে বাৎসরিক পাঁচ লাখ টাকা ফি তুলে দেওয়ার কথাও বলেছি।"
রুগ্ন শিল্প নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বিশেষ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
বিজিএমইএ সভাপতি বলেন, "এপ্রিলের বেতন দিতেই আমাদের কষ্ট হবে। বর্তমান পরিস্থিতিতে টিকে থাকা এবং বেতন-ভাতা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমরা প্রধানমন্ত্রীকে সে কথাই বলেছি। উনিও জরুরি ভিত্তিতে সহযোগিতা দেওয়ার বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন।"
পরে বিজিএমইএ প্রচার কমিটির চেয়ারম্যান সৈয়দ ফয়েজুল আহসান শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা কিছু নীতি পরিবর্তনের কথা বলেছি। চলতি মূলধনকে দীর্ঘ মেয়াদী মূলধনে পরিণত করে ঋণ সুবিধা দেওয়ার কথা বলেছি। ব্যাংকগুলোকে সংকোচননীতি পরিবর্তন করে উদারনীতি গ্রহণ করতে হবে।"
এদিকে বিডিআরের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সাহায্যার্থে বিজিএমইএ'র পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
বিডিআরের ঘটনার দ্রুত ও শান্তিপুর্ণ সমাধানের জন্য বিজিএমইএ নেতৃবৃন্দ শেখ হাসিনার প্রশংসা করেন। পোশাক শ্রমিকদের জন্য রেশনিং চালুর উদ্যোগ নেওয়ায় তারা শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
আবুল কালাম আজাদ বলেন, "বিশ্বমন্দা মোকাবেলায় বিজিএমইএ সরকারের সহযোগিতা চেয়েছে। তারা তাদের সমস্যার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২৪১ঘ.
bdnews24