২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতেই পিলখানায় হত্যাযজ্ঞ ঘটানো হয়'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানার ঘটনাকে একটি 'গভীর ষড়যন্ত্রের' অংশ হিসাবে আখ্যায়িত করে বলেছেন, "দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্যই এই হত্যাকান্ড ঘটানো হয়েছিলো।" তিনি বলেন, যড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিলো নির্বাচনের রায় বানচাল ও লাশের পর লাশ ফেলা। কিন্তু, তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানার ঘটনাকে একটি 'গভীর ষড়যন্ত্রের' অংশ হিসাবে আখ্যায়িত করে বলেছেন, "দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্যই এই হত্যাকান্ড ঘটানো হয়েছিলো।" তিনি বলেন, যড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিলো নির্বাচনের রায় বানচাল ও লাশের পর লাশ ফেলা। কিন্তু, তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটলেও ষড়যন্ত্র থেমে নেই। তারা আবারো আঘাত হানবে। তাই সকলকে সতর্ক থাকতে যেন দেশ সংঘাতের দিকে না যায়। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য 'বজলুর রহমান স্মৃতি পদক-২০০৮' বিতরণী অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় যাদুঘর মিলনায়তনে শুক্রবার বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত এই পদক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বজলুর রহমান স্মৃতি পদক-২০০৮এর জুরি বোর্ডের সভাপতি ড. সৈয়দ আনোয়ার হোসেন। নির্বাচিতদের নাম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন। স্বাগত বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী। শোক প্রস্তাব উত্থাপন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। প্রিন্ট মিডিয়ায় প্রথম বজলুর রহমান স্মৃতি পদক পেয়েছেন যৌথ ভাবে দৈনিক সংবাদের রুকুুনোদ্দৌলা ও দৈনিক সমকালের আজিজুল পারভেজ। ইলেক্ট্রনিক মিডিয়ায় এটিএন বাংলার প্রামাণ্যচিত্র নির্মাতা আমজাদ কবীর চৌধুরী এই পদক পেলেন। প্রিন্ট মিডিয়ার দু'জনকে ৫০ হাজার টাকার চেক ও ইলেক্ট্রনিক মিডিয়ার একজনকে এক লাখ টাকার চেক এবং প্রত্যেককে একটি করে ক্রেস্ট দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাদের হাতে এই পদক তুলে দেন। প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা বলেন, অনির্বাচিত বা সামরিক সরকার কখনোই দেশ ও জনগণের উন্নয়ন করতে পারে না। সামরিক শাসন বারবার আমাদের গণতন্ত্রেকে বাধাগ্রস্থ করেছে। বর্তমান নির্বাচিত সরকারকে সহযোগিতা করলে দেশ দারিদ্য্রমুক্ত, সমৃদ্ধিশালী ও উন্নত হবে। সকলের সহযোগিতায় সন্ত্রাস, সংঘাত ও জঙ্গিবাদ নির্মূল সম্ভব হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, "স্বাধীন দেশে যুদ্ধাপরাধীদের ঠাঁই হতে পারে না। এই দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ থাকতে পারে না। বাংলার মাটিতেই যুদ্ধাপরাধীদের বিচার হবে।" তিনি দেশ ও গণতন্ত্রের জন্য সাংবাদিক বজলুর রহমানের দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করে বলেন, স্বাধীনতা বিরোধী ও গণতন্ত্রের শত্র"রা যাতে উৎসাহিত না হয় সেদিকে খেয়াল রেখে আমাদের সাংবাদিকতা ও সংস্কৃতি চর্চা করতে হবে। প্রয়াত বজলুর রহমান আজীবন তাই করেছেন। শেখ হাসিনা তার কারাজীবনের দুঃসহ স্মৃতির কথা তুলে ধরে বলেন, যখন 'মাইনাস টু' ফরমুলা বাস্তবায়নের অপচেষ্টা চলছে, তখন বজলুর রহমান তার বিরুদ্ধে ছিলেন। তিনি তার লেখায় ও আলোচনায় বলেছেন, 'তারা (দুই নেত্রী) আবারো রাজনীতিতে ফিরে আসবেন এবং নিজ দলের নেতৃত্ব দিবেন।' কারাগারে বসে তার এই বক্তব্যে আমি আশ্বস্ত হয়েছি, প্রেরণা পেয়েছি। তিনি আরও বলেন, বজলুর রহমান সত্যকে অনুধাবন করেছিলেন এবং সাহসের সঙ্গে তা বলেছেন। আজীবন তিনি এমনই ছিলেন। আমারও অনেক কাজের তিনি সরাসরি সমালোচনা করেছেন। আবার ভালো কাজের প্রশংসা করেছেন। দর্শক সারিতে প্রয়াত বজলুর রহমানের স্ত্রী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ অন্যান্য মন্ত্রী, এমপি ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২৩০৪ঘ.