২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াকে ভয় পায় বলেই সরকার অপপ্রচার চালাচ্ছে: বিএনপি

জিয়াকে ভয় পায় বলেই স্বাধীনতার ঘোষণা নিয়ে সরকার অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। শুক্রবার বিকেলে স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ অভিযোগ করেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 07:25 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াকে ভয় পায় বলেই স্বাধীনতার ঘোষণা নিয়ে সরকার অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। শুক্রবার বিকেলে স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ অভিযোগ করেন। তিনি বলেন,'' আজ জিয়াকে ভয় পায় বলে সরকার স্বাধীনতার ঘোষণা নিয়ে নতুন প্রজন্মের কাছে মিথ্যাচার করছে। জিয়াউর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন-এটা দেশে-বিদেশে দালিলিকভাবে প্রমাণিত হয়ে আছে। মিথ্যাচার করে ইতিহাসকে পাল্টানো যাবে না।'' জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় মুক্তিযুদ্ধের সেক্টর কমাণ্ডার অবসরপ্রাপ্ত উইং কমান্ডার কে এম হামিদুল্লাহ মুক্তিযুদ্ধের ইতিহাস ও মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা নিয়ে আওয়ামী লীগের প্রচারণার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ''আওয়ামী লীগ এমন অপপ্রচারও করছে যে, জিয়া নাকি মুক্তিযুদ্ধের সেক্টার কমান্ডারই ছিলেন না। কিন্তু দেশের মানুষ ওই প্রচারণা বিশ্বাস করে না। ইতিহাসকে চেপে রাখা যাবে, তবে মুছে ফেলা যাবে না।'' কে এম হামিদুল্লাহ মুক্তিযুদ্ধের অপর সেক্টার কমান্ডার মীর শওকত আলীর কঠোর সমালোচনা করে বলেন,'' তিনি এখন উল্টো-পাল্টা কথা বলেন। জিয়া হত্যাকান্ডের ষড়যন্ত্রের সঙ্গে মীর শওকত জড়িত ছিলেন।'' ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, '' ২৬ ও ২৭ মার্চ জিয়া স্বাধীনতার ঘোষণা দেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। প্রথম দিন জিয়া নিজে ও দ্বিতীয় দিন দেশের বৃহত্তর স্বার্থে জিয়া শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। আজ তারা (আওয়ামী লীগ ) জিয়াকে ভয় পেয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে।'' তিনি আওয়ামী লীগের কাছে প্রশ্ন রাখেন- অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ২৩ এপ্রিল স্বাধীনতার ইশতেহারে যে বক্তব্য দিয়েছিলেন, তাতে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথাটি ছিল। সেই ভাষণ কেনো লুকিয়ে রাখা হয়েছে তা দেশের মানুষ জানতে চায়। আসলে জিয়ার বাংলাদেশী জাতীয়তাবাদকে তারা ভয় পায় বলে এমন মিথ্যাচার করছে। ড. মোশাররফ সব জাতীয়তাবাদী শক্তিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সংগঠনের সভাপতি অধ্যক্ষ সোহরাবউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি আল মুজাহিদী, আবিদুর রহমান, যুব দলের অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪৪ঘ.