২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর মামলা: জিজ্ঞাসাবাদ এড়াতে চান জামায়াতের রাজ্জাক

বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের মামলায় জিজ্ঞাসাবাদ এড়াতে চান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বিডিআর বিদ্রোহ মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার পর রোববার হাই কোর্টে আবেদন করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 08:32 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের মামলায় জিজ্ঞাসাবাদ এড়াতে চান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। (বিস্তারিত) বিডিআর বিদ্রোহ মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার পর রোববার হাই কোর্টে আবেদন করেন তিনি। বিডিআর বিদ্রোহের ঘটনায় এই প্রথম কোনো শীর্ষ রাজনীতিককে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিআইডি। রোববার রাজ্জাকের ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৫ এপ্রিল পর্যন্ত তাকে হয়রানি বা গ্রেপ্তার না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দিয়েছে। বিচারপতি শহীদুল ইসলামের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন। পাশাপাশি আদালত বলেছে, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ব্যারিস্টার রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করা যাবে। তবে তার পাসপোর্ট জব্দ করা যাবে না। আদেশের পর ব্যারিস্টার রাজ্জাক সাংবাদিকদের বলেন, "আদালত আমাকে আগাম জামিন দিয়েছে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে।" তিনি আরো বলেন, "পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় আমাকে হয়রানির জন্য জিজ্ঞাসাবাদ করতে ডাকা হয়েছে। সরকার ও পুলিশের বিরুদ্ধে আমি আদালত অবমাননার মামলা করেছিলাম। এর জের ধরেই আমাকে জিজ্ঞাসাবাদের জন্য এ ধরনের চিঠি দেওয়া হয়েছে।" গত ২৮ মার্চ পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা সিআইডির এএসপি আবদুল কাহহার আকন্দ ব্যারিস্টার রাজ্জাককে ৩০ মার্চ সকাল সাড়ে ১০টায় মালিবাগে সিআইডির কার্যালয়ে হাজির হওয়ার জন্য চিঠি দেন। এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে এবং এর কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে ব্যারিস্টার রাজ্জাক রোববার একটি রিট আবেদন করেন। এ ঘটনায় গ্রেফতার বা হয়রানি না করার জন্য একটি জামিনের আবেদনও দায়ের করেন তিনি। তার পক্ষে শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট আজমালুল হোসেন কিউসি বলেন, "উদ্দেশ্যমূলকভাবে ব্যারিস্টার রাজ্জাককে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তার বিরুদ্ধে এ মামলায় কোন অভিযোগ করা হয়নি। তাই আইনত তাকে এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা যায় না।" সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "এ ঘটনায় তাকে ডেকে কোন আইনের ব্যত্যয় ঘটানো হয়নি।" আদেশের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, "ব্যারিস্টার রাজ্জাক দু'টি আবেদন করেছেন। চিঠির বৈধতা নিয়ে একটি। অপরটি গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশনা চেয়ে।" তিনি বলেন, "আদালত তাকে ৫ এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছে। তবে তাকে তদন্তের জন্য যেতে হব। তদন্তকারী কর্তৃপক্ষ তার পাসপোর্ট দেখাতে পারবে। জব্দ করতে পারবে না।" এর আগে গত ২২ মার্চ ব্যারিস্টার রাজ্জাক ও তার স্ত্রী সালেহা সিদ্দিককে জোর করে বিমান বন্দরে ঢোকার অভিযোগে দায়ের করা এক মামলায় হাইকোর্ট দুই মাসের অন্তর্র্বতীকালীন আগাম জামিন দিয়েছিল। আদালত মামলাটির কার্যক্রমও স্থগিত করে দিয়েছিল। গত ১৯ মার্চ ব্যারিস্টার রাজ্জাক ও তার স্ত্রী সালেহার বিরুদ্ধে বিমান বন্দর থানায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে কর্মরত পুলিশ পরিদর্শক দেওয়ান আবুল হোসেন মামলাটি দায়ের করেন। গত ১৮ মার্চ রাতে বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে ব্যারিস্টার রাজ্জাক ও তার স্ত্রীকে আটকে দেওয়া হয়। বিদেশ যেতে বাধা দেওয়ায় ব্যারিস্টার রাজ্জাক গত ১৯ মার্চ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন। ব্যারিস্টার রাজ্জাক তার বিরুদ্ধে মামলা দায়েরকারী পুলিশ পরিদর্শক দেওয়ান আবুল হোসেনের বিরুদ্ধে ২২ মার্চ হাইকোর্টে একটি আদালত অবমাননার মামলা দায়ের করেন। গত ৮ মার্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে বিদেশ যেতে ও ফিরে আসতে বাধা না দেওয়ার জন্য হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছিল। গত ৭ মার্চ বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ ব্যারিস্টার রাজ্জাককে বাধা দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/পিসি/এজে/জিএনএ/১৫৩৭ ঘ.