নওগাঁ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবার শারীরিক নির্যাতনের অভিযোগে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর বিরুদ্ধে নওগাঁর মহাদেবপুর থানায় একটি মামলা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে চারটি মামলা হল। এর আগে চাঁদাবাজির অভিযোগে একই থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।
শনিবার রাতে সাবেক ডেপুটি স্পিকার এবং নওগাঁ বিএনপির উপদেষ্টা আখতার হামিদের বিরুদ্ধে মামলাটি করেন জেলা ওলামা লীগের যুগ্ম সম্পাদক মহাদেবপুর উপজেলার বাগধানা গ্রামের আশেক এলাহী।
২১ মার্চ কথিত রাষ্ট্রবিরোধী বক্তব্য ও পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে করা একটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে মহাদেবপুর সদরের বাসভবন থেকে সাবেক ডেপুটি স্পিকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে এক মাসের আটকাদেশ দিয়ে পাঠানো হয় কারাগারে।
পরদিন তার বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলা এবং দুটি জিডি হয়েছে। শুক্রবার রাতে হয়েছে আরও একটি চাঁদাবাজির মামলা।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাবেক ডেপুটি স্পিকারের বিরুদ্ধে আরও কিছূ অভিযোগ এসেছে যা খতিয়ে দেখা হচ্ছে।"
তিনি জানান, জেলা ওলামা লীগের যুগ্ম সম্পাদক আশেক এলাহী অভিযোগ করেছেন- বিএনপি জোট সরকারের সময় ২০০৫ সালের ২৫ মে বিকেলে তাকে ডেপুটি স্পিকারের বাসায় ধরে আনা হয়। একটি ইসলামী জলসায় বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন বলে আখতার হামিদ ও তার সহযোগিরা অভিযোগ আনেন এবং তাকে হাত-পা ও মুখ বেধে বেদম মারধর করেন।
এক পর্যায়ে তার দাড়ি ছিড়ে ফেলা হয়। তারা মাথায় পিস্তল ঠেকিয়ে আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগ দিতে এবং জঙ্গি প্রশিক্ষণ নিয়ে আওয়ামী নিধনের কাজ করার ব্যাপারে তার স্বীকারোক্তি নেন বলে মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন।
তার দাবি, ওই স্বীকারোক্তি না দিলে তারা তাকে মেরে ফেলতেন।
ওসি জানান, মামলায় আখতার হামিদ ছাড়াও আরও সাতজনকে আসামি করা হয়েছে। এরা হলেন- রাম প্রসাদ ভদ্র, আমজাদ হোসেন, শহীদুল ইসলাম, আনোয়ার হোসেন, আমিনুল হক, এনামুল হক ও শান্ত। এরা সবাই বিএনপি ও ছাত্রদল কর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৬ ঘ.
bdnews24