২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিবেশনে যোগ দিলেন ৪৫ নারী সাংসদ

শপথ গ্রহণ শেষে সংরক্ষিত আসনে নির্বাচিত ৪৫ নারী সাংসদ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন। নয় দিন বিরতির পর রোববার বিকেল পৌনে ৫টায় এই অধিবেশন শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 01:11 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শপথ গ্রহণ শেষে সংরক্ষিত আসনে নির্বাচিত ৪৫ নারী সাংসদ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন। নয় দিন বিরতির পর রোববার বিকেল পৌনে ৫টায় এই অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচিতে ফৌজদারি কার্যবিধি সংশোধন বিল-২০০৯ ও তথ্য অধিকার বিল এই দুইটি পাসের জন্য উত্থাপনের কথা ছিল। তবে 'ফৌজদারি কার্যবিধি সংশোধন বিল-২০০৯' আরো পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইনমন্ত্রী শফিক আহমেদ অধিবেশন বসার আগে দুপুরে সাংবাদিকদের জানান, বিলটি পরীক্ষা-নিরীক্ষা করতে সংসদে আরো সাত দিন সময় চাইবেন তিনি। এদিকে, নতুন তিনটি বিল- দ্রুত বিচার সংশোধন বিল-২০০৯, পদ্মা বহুমুখী সেতু (জমি অধিগ্রহণ) বিল-২০০৯ ও সরকারি ক্রয় সংক্রান্ত (সংশোধিত) বিল-২০০৯ উত্থাপনের কথাও রয়েছে কার্যসূচিতে। দুপুরের আগে স্পিকার আব্দুল হামিদ নব নির্বাচিত ৪৫ নারী সাংসদকে শপথ বাক্য পাঠ করান। গত ১৯ মার্চ ৪৫টি আসনের মধ্যে দলীয় কোটা অনুযায়ী আওয়ামী লীগের ৩৬ জন, বিএনপির ৫ জন জাতীয় পার্টির ৪ জন নারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে ২৪ মার্চ নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করে। গত ১৯ মার্চ সংসদ অধিবেশন নয় দিনের জন্য মুলতবি করা হয়। অধিবেশন আগামী ৭ এপ্রিল পর্যন্ত চলবে বলে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এএল/১৯১১ঘ.