ঢাকা, মার্চ ২৯ (বিডিউিনজ টোয়েন্টিফোর ডটকম)- উপ-সচিব থেকে সচিব পর্যায়ের মোট ১১৭ জন কর্মকর্তাকে নানা কারণে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
রোববার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৬ আসনের সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
মন্ত্রী জানান, বর্তমানে সচিব পর্যায়ের ৯ জন, অতিরিক্ত সচিব পর্যায়ের ৩১ জন, যুগ্মসচিব পর্যায়ের ৪৩ জন এবং উপ-সচিব পর্যায়ের ৩৪ কর্মকর্তা ওএসডি আছেন।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেলে অধিবেশনে দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব শুরু হয়।
ওএসডি করার কারণ প্রসঙ্গে তিনি বলেন, বেশিরভাগ কর্মকর্তা শিক্ষা ছুটি, মন্ত্রণালয়/বিভাগে সংযুক্তি, বিদেশে প্রশিক্ষণসহ বিভিন্ন কারণে ওএসডি এবং পদোন্নতির পর পদায়নের অপেক্ষায় থাকায় ওএসডি অবস্থায় আছেন।
বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার বিষয়ে সাংসদ মজিবুর রহমান ফকিরের এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ জানান, এ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এজন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুই জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে বেঞ্চ গঠন করে মামলাটির আপিল শুনানি শুরু করা হবে।
এদিকে আরেক প্রশ্নের জবাবে আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানান, তত্ত্বাবধায়ক সরকারের আমলের ট্রুথ কমিশনে ৪৫২ জন অপরাধী তাদের অপরাধের জন্য জরিমানা দিয়ে সরকারের অনুকম্পা পেয়েছেন।
অপরাধীর কাছ থেকে সরকার জরিমানা বাবদ কমবেশি ৩৪ কোটি টাকা আদায় করেছে বলেও জানান তিনি।
নেত্রকোনা-৫ আসনের সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, মামলার জট কমানোর জন্য বিচারকের পদ সৃষ্টি, শূন্য পদ পূরণ ও বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রংপুর-৪ আসনের সাংসদ টিপু বিশ্বাসের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে আরও জানান, জাতীয় মানবাধিকার কমিশনের জন্য একটি স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের রয়েছে। এজন্য জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০০৯ উত্থাপিত হয়েছে। বিলটি পাস হলে স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/কেআরসি/পিসি/এমএইচসি/এএল/এসকে/১৯০৩ঘ.
bdnews24