প্রকাশ বিশ্বাস, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বোমা বিস্ফোরণ ও গুলি করার ঘটনাটি ১৯৮৯ সালের ১৯ আগস্টের। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলাও হয়েছিল সেসময়। তবে গত ২০ বছরেও মামলাটির কোন সুরাহা হয়নি। সর্বশেষ বিচারকের অভাবে থেমে গেছে মামলাটির কার্যক্রম।
গত ৭ জানুয়ারি ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. ইসরাইল হোসেনকে ঢাকার বাইরে অপর একটি আদালতে বদলি করা হলে স্থবিরতা দেখা দেয় এ মামলার বিচারকাজে। এর পর এ আদালতে নতুন কোন বিচারক নিয়োগ করা হয়নি।
আদালত সূত্র জানিয়েছে, মামলাটিতে রাষ্ট্রপক্ষের সব সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থন, এমনকি যুক্তিতর্কের শুনানিও শেষ পর্যায়ে ছিল।
এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর শাহীন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলাটিতে রাষ্ট্রপক্ষ এবং একজন আসামি ছাড়া সব আসামির পক্ষে যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। তবে বিচারকের অভাবে ৭ জানুয়ারির পর এ মামলার যুক্তিতর্কের অনেকগুলো ধার্য তারিখ পার হয়ে গেছে। সোমবারও যুক্তিতর্কের নির্ধারিত তারিখে শুনানি হয়নি একই কারণে।"
এ অবস্থায় ৭ এপ্রিল আবারো শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানান তিনি।
মামলার বিবরণে জানা যায়, ১৯৮৯ সালের ১৯ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে সন্ত্রাসীরা বেবি ট্যাক্সিতে করে বঙ্গবন্ধু ভবনের সামনে এসে ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা গুলিও ছোঁড়ে। তবে ভবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রতিরোধের মুখে তারা 'কর্নেল ফারুক জিন্দাবাদ' স্লোগান দিতে দিতে ফাঁকা গুলি ছুঁড়তে ছুড়তে পালিয়ে যায়।
পরে পুলিশের হাবিলদার জহিরুল হক ধানমণ্ডি থানায় শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন।
এ মামলার আসামিদের কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিরা জানিয়েছে- কর্নেল ফারুক ও রশিদের নির্দেশে হাসিনাকে হত্যার উদ্দেশে এ হামলা চালানো হয়েছিল।
মামলার আসামিদের মধ্যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, জজ মিয়া, গোলাম সারওয়ার, সোহেল এবং সাজাহান কারাগারে রয়েছেন।
জামিনে রয়েছেন মিজানুর রহমান, হুমায়ুন কবির, খন্দকার অমিরুল ইসলাম ও গাজী ইমাম। এছাড়া খন্দকার আব্দুর রশিদ, জব্বার আহমেদ, নাজমুল মাকসুদ, রেজাউল করিম খান ও মো. হুমায়ুন কবির পলাতক রয়েছেন।
ইতোমধ্যে গাজী লিয়াকত নামের এক অভিযুক্ত মারাও গেছেন।
২০০৮ সালের ৭ মে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর মামলার বিচারকাজ শুরু হয়।
নিরাপত্তা প্রশ্নে নাজিমউদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের সামনের একটি ভবনে মামলাটির বিচারকাজ চলছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/১৯০৮ঘ.
bdnews24