ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনে মঙ্গলবার নবম সংসদ নির্বাচনের নির্বাচনী ব্যয়ের রিটার্ন জমা দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত ইসলামী।
দলীয় ব্যয়ের রিটার্ন দাখিলের শেষ দিন মঙ্গলবার সকালে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্য এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল হিসাব জমা দেয়।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির অর্থ উপ-কমিটির সদস্য এস এ হাবিবুল্লাহ দলের এই হিসাব দাখিল করেন।
সাংবাদিকদের তিনি বলেন, "প্রধান নির্বাচন কমিশনার বরাবর হিসাব জমা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহাকারী সচিব ফরহাদ আহমেদ খান তা গ্রহণ করেছেন।"
কত টাকার হিসাব জমা দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, "নির্ধারিত সাড়ে চার কোটি টাকা ব্যয়ের মধ্যেই খরচ সীমাবদ্ধ রাখা হয়েছে।"
বিএনপি ৪ কোটি ৪৯ লাখ ৫০০ টাকার নির্বাচনী ব্যয় দেখিয়েছে। অন্যদিকে জামায়াত ইসলামী ব্যয় দেখিয়েছে ৭৪ লাখ ৭২ হাজার ৪০৮ টাকা।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের কাছে হিসাব জমা দেওয়ার পর বিএনপির যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, "আমরা কমিশনের কাছে রিটার্ন দাখিল করেছি।"
তিনি জানান, হিসাবের মধ্যে রয়েছে প্রার্থী অনুদান বাবদ এক কোটি ২০ লাখ টাকা, প্রচারণা বাবদ এক কোটি ৮৪ লাখ ৫২ হাজার টাকা, পরিবহন বাবদ ৬৩ লাখ ২ হাজার ৭৫০ টাকা, জনসভা বাবদ ১৩ লাখ ১০ হাজার, কর্মকর্তা-কর্মচারী বাবদ ১৮ লাখ ৮৭ হাজার ২৫০ টাকা, আবাসন বাবদ ৪৭ লাখ ২৪ হাজার ৫৫০ টাকা এবং বিবিধ খাতে ২ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।
নবম সংসদ নির্বাচনে বিএনপি ২৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনী আইন অনুযায়ী বিএনপির জন্য সাড়ে চার কোটি টাকা ব্যয়ের সুযোগ ছিল।
সাখাওয়াত হোসেনের কাছে হিসাব জমা দেওয়ার পর জামায়ত ইসলামীর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার সাংবাদিকদের জানান, দলের ৩৮ জন প্রার্থীর বিপরীতে জামায়াত ৭৪ লাখ ৭২ হাজার ৪০৮ টাকা ব্যয় দেখিয়েছে।
নির্বাচনী আইন অনুযায়ী, সর্বোচ্চ ৫০ জন প্রার্থীর জন্য যে কোন রাজনৈতিক দল সর্বোচ্চ ৭৫ লাখ টাকা এবং সর্বোচ্চ ১০০ প্রার্থীর জন্য দেড় কোটি টাকা, সর্বোচ্চ ২০০ প্রার্থীর জন্য তিন কোটি টাকা এবং সর্বোচ্চ ৩০০ আসনের প্রার্থীর জন্য সাড়ে চার কোটি টাকা ব্যয় করার সুযোগ রয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (আরপিও) অনুযায়ী জাতীয় সংসদের সব আসনে নির্বাচন হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক রাজনৈতিক দলকে তাদের খরচের বিবরণী কমিশনে দাখিল করা বাধ্যতামূলক।
২৯ ডিসেম্বরের নির্বাচন অনুযায়ী নোয়াখালী-১ আসন বাদে বাকি সব আসনের ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ সময় ৩১ মার্চ।
তবে নির্ধারিত সময়ে কোন নিবন্ধিত রাজনৈতিক দল তাদের খরচের বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে ওই দলকে প্রথমে একমাস সময় দেওয়া হবে। তাতে ব্যর্থ হলে ১০ হাজার টাকা জরিমানা সাপেক্ষে ১৫ দিন সময় পাবেন। এরপরও রিটার্ন দাখিল করা না হলে প্রচলিত আইন অনুযায়ী কমিশন ওই দলের নিবন্ধন বাতিল করতে পারবে।
গত ২৭ জানুয়ারি রাজনৈতিক দলের ব্যয়ের রিটার্ন জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে দলগুলোর সাধারণ সম্পাদক বরাবর চিঠি পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/জিএনএ/১৪০০ ঘ.
bdnews24