২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ্জাককে গ্রেপ্তার বা হয়রানি না করার হাইকোর্টের আদেশ বহাল

পিলখানার ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা আবদুর রাজ্জাককে গ্রেপ্তার বা হয়রানি না করার হাইকোর্টের আদেশ স্থগিত করেনি সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2009, 07:39 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা আবদুর রাজ্জাককে গ্রেপ্তার বা হয়রানি না করার হাইকোর্টের আদেশ স্থগিত করেনি সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান হাইকোর্টের আদেশ স্থগিতে সরকারের আবেদন নাকচ করে দেন। সরকারের পক্ষে আবেদনটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। ব্যারিস্টার রাজ্জাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা। আদেশের পরপরই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যারিস্টার আবদুর রাজ্জাককে গ্রেপ্তার বা হয়রানি না করার হাইকোর্টের আদেশ স্থগিতের সরকারের আবেদন নাকচ করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত।" ব্যারিস্টার রাজ্জাকের কৌসুলী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা বলেন, "ব্যারিস্টার রাজ্জাককে গ্রেফতার বা হয়রানি না করার আদেশ আপিল বিভাগ স্থগিত না করায় হাইকোর্টের আদেশ বহাল থাকল। তাকে হয়রানির জন্য পিলখানার ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।" ব্যারিস্টার রাজ্জাক বলেন, "হাইকোর্টের আদেশ স্থগিতের সরকারের আবেদন আপিল বিভাগ নাকচ করে দিয়েছে। অ্যাটর্নি জেনারেল এ আবেদনের ওপর শুনানিতে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, আমি বিডিআর জোয়ানদের সঙ্গে কথা বলেছি বলে সিআইডির প্রশ্ন অস্বীকার করিনি।" ব্যারিস্টার রাজ্জাক বলেন, "গতকাল (সোমবার) দুপুরে আমি সিআইডি কার্যালয় থেকে বেড়িয়ে প্রেস বিফ্রিংয়ে বলেছি, এ ধরনের প্রশ্ন সিআইডি আমাকে করেনি। সিআইডি আমাকে বলেছে কোন বিডিআর জোয়ানদের সঙ্গে মোবাইলে কথা বলেছি কিনা। কথা বলে থাকলে মোবাইল নাম্বার আছে কিনা।" তিনি বলেন, "সাংবিধানিক পদে থেকে সর্বোচ্চ আইন কর্মকর্তার আদালতকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকা উচিত।" এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "গতকাল (সোমবার) ব্যারিস্টার রাজ্জাক সিআইডির জিজ্ঞাসাবাদে বলেছেন, তার মোবাইল থেকে পিলখানায় ফোন গিয়েছিল। তিনি বলেছেন, খবর জানার জন্য তিনি ফোন করেছিলেন। জোয়ানদের আত্মসমর্পণ করতে নিষেধ করার বিষয়টি তিনি অস্বীকার করেছেন। যেহেতু তার মোবাইল থেকে ফোন গিয়েছিল তাই তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তাকে গ্রেপ্তারকৃত আসামীদের মুখোমুখিও করা হতে পারে।" ব্যারিস্টার রাজ্জাকের অভিযোগের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য তিনি আদালতকে অবহিত করেছেন মাত্র। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, পিলখানা হত্যাকান্ড মামলা একটি গণহত্যার গুরুত্বপূর্ণ মামলা। তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ দরকার। এজন্য গ্রেপ্তার করাও প্রয়োজন হতে পারে। হাইকোর্টের আদেশের ফলে তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। পিলখানার ঘটনায় বাইরের লোক জড়িত থাকতে পারে। গত ২৯ মার্চ হাইকোর্ট পিলখানা হত্যাকান্ডের ঘটনায় ব্যারিস্টার রাজ্জাককে আগামী ৫ এপ্রিল পর্যন্ত গ্রেফতার বা হয়রানি না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দিয়েছিল। গত ২৮ মার্চ পিলখানা হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা সিআইডির এএসপি আবদুল কাহহার আকন্দ ব্যারিস্টার রাজ্জাককে ৩০ মার্চ সকাল সাড়ে দশটায় মালিবাগে সিআইডির কার্যালয়ে হাজির হওয়ার জন্য চিঠি দেন। এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে এবং এর কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে ব্যারিস্টার রাজ্জাক ২৯ মার্চ একটি রিট আবেদন ও গ্রেপ্তার বা হয়রানি না করার জন্য একটি জামিনের আবেদনও দায়ের করেন তিনি। হাইকোর্ট ওই চিঠির কার্যক্রম স্থগিত করেনি। এরই পরিপ্রেক্ষিতে ৩০ মার্চ তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১৩৩৭ঘ.