ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অতি দ্রুত বিডিআরের ঘটনার তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে জানিয়েছেন এঘটনা পরবর্তী প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের সমন্বয়কারী বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
তবে তিনি বলেন, এঘটনা তদন্তে আরো সময় লাগবে ।
শুক্রবার রাজধানীর শিশু একাডেমির শহীদ মতিউর মঞ্চে বিশ্ব শিশু নাট্য দিবস উপলক্ষে বাংলাদেশ চিলড্্েরন থিয়েটার ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ফারুক খান বলেন, "বিডিআরের ঘটনার তদন্ত কাজ এগিয়ে চলছে। অতিদ্রুত এ ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত প্রতিবেদন জাতির সামনে তুলে ধরা হবে। সেখানেই স্পষ্ট হবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত। কীভাবে তারা ঘটনাটা ঘটিয়েছে।"
পিলখানার ঘটনা তদন্তে সাবেক সচিবের নেতৃত্বে গঠিত কমিটির বৃহস্পতিবার প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি কেন সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, "সময় বেঁধে দিয়ে অনেক ঘটনার তদন্ত করা সম্ভব হয়না। বিডিআরের ঘটনা ছোট কোনো ঘটনা নয়। এর সঙ্গে অনেক বিষয় জড়িয়ে আছে। এ জন্য কিছুটা সময় লাগছে।"
তিনি আরও বলেন, "ইতোমধ্যে ওই ঘটনার সঙ্গে জড়িতরা অনেক তথ্য দিয়েছে। আরও তথ্য সংগ্রহের কাজ চলছে। সেখানে সব ধরণের সম্পৃক্ততার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।"
একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িতদের সাধারণ আইনে বিচারের দাবি প্রসঙ্গে তার মতামত জানতে চইলে ফারুক খান বলেন, "বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। স্বাধীন মত প্রকাশের অধিকার সবারই রয়েছে। তবে সরকার এই ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ে দোষীদের বিচারের জন্য বাস্তব পদক্ষেপ নেবে।"
তবে দোষীদের সেনা আইনে বিচার করা হবে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের কোনো জবাব দেননি মন্ত্রী।
এর আগে বাণিজ্যমন্ত্রী মঞ্চ থেকে নেমে গিয়ে সমবেত শিশুদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান। এ সময় ডাক্তার সেজে এক শিশু স্টেথোস্কোপ দিয়ে মন্ত্রীর হৃদস্পন্দন পরীক্ষা করেন।
শিশুদের উদ্দেশে তিনি বলেন, "সরকার শিশুদের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে ক্ষামতায় এসেছে। আগামীতে দেশের সব স্কুলে এক বেলা খাবারের ব্যবস্থা করা হবে। শিশু শ্রম ও শিশু নির্যাতন বন্ধে আইনও করবে সরকার।"
চিলড্্েরন থিয়েটার ফেডারেশন-এর চেয়ারম্যান শফিকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্বে করেন।
এতে আরো উপস্থিত ছিলেন, চলচ্চিত্রকার বাদল রহমান, নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, বিটিভির মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, শিশু অ্যাকাডেমির পরিচালক শাওলী সুমন, বেগম কামরুন্নাহার আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৬৫৮ঘ.
bdnews24