ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনার বিচার কাজ দ্রুততম সময়ে শেষ করা হবে বলে জানিয়েছেন ঘটনা তদন্তে গঠিত কমিটিগুলোর সমন্বয়ক বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ও বিডিআর ঘটনা তদন্তে আসা এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) দলের প্রধানসহ একটি প্রতিনিধি দলের সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, "বিডিআরের ঘটনার বিচার প্রক্রিয়া আমরা দ্রুততম সময়ে শেষ করবো। এক্ষেত্রে তদন্ত কমিটি থেকে শুরু করে আরও বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
বিচার কাজে বাইরের কারো সাহায্য নেওয়া হবে না- জানিয়ে তিনি বলেন, "এফবিআইসহ অন্যান্য বিদেশি দল শুধু বাংলাদেশের তদন্তকারী দলকে সহায়তা করবে।"
বাণিজ্যমন্ত্রী জানান, মার্কিন রাষ্ট্রদূত মূলত এফবিআই দলের প্রধানকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এসেছিলেন । এসময় বাণিজ্যসহ বিডিআরের ঘটনায় এফবিআই দলের সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে।"
ফারুক খান বলেন, "আশা করছি তারা ( এফবিআই) আমাদের তদন্ত দলকে সহায়তা দেবে।"
বিডিআরের ঘটনায় তদন্ত কাজ অনেক দূর এগিয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, "বিডিআরের ঘটনায় বেশ কিছু তথ্য-প্রমাণ এসেছে এবং যেসব বিষয় উন্মোচিত হয়নি তা বের করার জন্য আমরা (এফবিআই ) সহায়তা করছি এবং তা অব্যাহত থাকবে।"
২০০১ সালে ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিশ্ব বাণ্যিজ কেন্দ্র টুইন টাওয়ারে বিমান হামলার কথা উল্লেখ করে মরিয়ার্টি বলেন, "ওই ঘটনা তদন্তের অভিজ্ঞতা এখানে কাজে লাগাতে চাই।"
এফবিআই কীভাবে তদন্তে বাংলাদেশকে সাহায্য করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান জেমস মরিয়ার্টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এমএসবি/১৬৪৯ ঘ.
bdnews24