ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নাইকো দুর্নীতি মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে দুই মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি এ মামলায় তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তার কারণ দর্শানোর জন্যও সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।
বুধবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মামুনের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
মামুনের পক্ষে জামিন আবেদনটির ওপর শুনানি করেন অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামান। সরকার পক্ষে এ জামিন আবেদনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মুহম্মদ মাহবুবুল আলম তেজগাও থানায় নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে কানাডীয় কোম্পানী নাইকোর সঙ্গে তেল গ্যাস অনুসন্ধান চুক্তি সম্পাদনের মাধ্যমে রাষ্ট্রের ১০ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়েছিল।
গত বছর ৫ মে এ মামলায় অভিযোগ পত্র দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
অভিযোগপত্রে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭শ ৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২০২১ঘ.
bdnews24