২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত

সচিবালয়ে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ সচিব ছাড়া সবার গাড়ি তল্লাশি করবে নিরাপত্তা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 11:36 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সচিবালয়ে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ সচিব ছাড়া সবার গাড়ি তল্লাশি করবে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার স্বরাষ্ট্র সচিবের নেতেৃত্বে এ সংক্রান্ত কমিটির বৈঠকের পর স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার সংবাদিকদের একথা জানান। তিনি বলেন, "নিরাপত্তার স্বার্থে এখন থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ সচিব ছাড়া অন্য সব ভিআইপির গাড়ি তল্লাশির পর সচিবালয়ের ঢুকতে দেওয়া হবে।" আব্দুস সোবহান জানান, সচিবালয়ের প্রত্যেক কর্মকর্তা কর্মচারিকে তাদের পরিচয়পত্র বুকে ঝুলিয়ে সচিবালয়ে প্রবেশ এবং তারা যতক্ষণ ভেতরে অবস্থান করবেন ঐ পরিচয় পত্র বুকে ঝুলিয়ে রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র সচিব আরো জানান, মন্ত্রী, প্রতিমন্ত্রী প্রত্যেকে প্রতিদিন মোট ১০ জন দর্শনার্থীর জন্য পাস দিতে পারেন। এটা যাতে কোনোভাবে বেশী না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হবে। এসব দর্শনার্থী ছাড়াও অন্য যেসব দর্শনার্থী আসেন তাদেরকেও নিরাপত্তা তল্লাশির পর ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। জঙ্গী হামলা সম্পর্কে সোমবার প্রধানমন্ত্রীর সর্তকবাণীর প্রেক্ষিতেই সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে কিনা জানতে চাইলে সচিব বলেন," এটা আমাদের নিয়মিত চর্চা। এর ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।" তিনি জানান, সচিবালয়ে পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এবং সহকারি কমিশনারের যে পদ শুন্য আছে তা পূরণের পাশাপাশি দুই শিফটে (দিনে এবং রাতে) বাড়তি পুলিশ দিয়ে নিরাপত্তা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, "১৯ মার্চ সচিবালয়ে এবং ২২ মার্চ বঙ্গভবনে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনে অগ্নিনির্বাপণ মড়হার ব্যবস্থা করার জন্য দমকল বাহিনীর মহাপরিচলককে নির্দেশ দেওয়া হয়েছে।" বৈঠকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, দমকল বাহিনী এবং পুলিশ বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম / পিসি /এলএইচ /এইচএ/১৭৩০ঘ.