ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক আইন মন্ত্রী মওদুদ আহমেদের জব্দ করা একটি ব্যাংক হিসাব থেকে টাকা ওঠানোর ব্যাপারে হাইকোর্টের দেওয়া আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।
সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আব্দুল আজিজ এ স্থগিতাদেশ দেন। পাশাপাশি আদালত সরকারকে নিয়মিত লিভ-টু-আপিল করার কথা বলেছে।
আইএফআইসি ব্যাংকে মওদুদের একটি জব্দ হিসাব থেকে প্রতিমাসে ৫ লাখ টাকা করে উত্তোলনের অনুমতি দিতে গত ২৩ জানুয়ারি সরকারের বিরুদ্ধে রুল জারি করে হাইকোর্ট।
সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং মওদুদের পক্ষে ব্যারিস্টার রফিকুল হক আপিল শুনানিতে অংশ নেন।
কর ফাঁকি দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশ অনুযায়ী ২০০৭ সালের ৫ মার্চ সাবেক আইনমন্ত্রীর ৫টি ব্যাংক হিসাব জব্দ করা হয়।
গত বছরের ২২ মে মওদুদ আহমদ জব্দ করা ব্যাংক হিসাব থেকে প্রতিমাসে সোয়া লাখ টাকা করে উত্তোলনের অনুমতির জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের সময় আলোচিত গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলা ছাড়াও অবৈধ সম্পত্তি অর্জন ও মাদক দ্রব্য রাখাসহ কয়েকটি মামলা হয় মওদুদের বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২০৫৩ঘ.
bdnews24